ফেব্রুয়ারি মাসেই দু’বার ভূমিকম্প কলকাতা, বাংলায়! শুক্রবার দুপুরেও একই কাণ্ড! আতঙ্কে ঘরছাড়া মানুষ

কলকাতা- শুক্রবার দুপুর ১টা ২২ মিনিট নাগাদ আচমকা ভূমিকম্পেকেঁপে উঠল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা।

উত্তর থেকে দক্ষিণ— কলকাতার সর্বত্রই কয়েক সেকেন্ড ধরে টানা কম্পন অনুভূত হয়। আতঙ্কে ঘরবাড়ি এবং অফিস ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন সাধারণ মানুষ।

মার্কিন ভূতত্ত্ব পর্যবেক্ষণকারী সংস্থার তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৩। তবে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, কম্পনের মাত্রা ছিল ৫.৫

এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বাংলাদেশের খুলনা, যা পশ্চিমবঙ্গের টাকি থেকে মাত্র ২৬ কিলোমিটার দূরে অবস্থিত। ভূগর্ভের ৯.৮ কিলোমিটার গভীরে ছিল এর উৎসস্থল।

শহরের বিভিন্ন বহুতল আবাসন ও অফিসে হুলস্থুল পড়ে যায়। কম্পন অনুভূত হতেই মানুষ প্রাণভয়ে রাস্তায় বেরিয়ে আসেন। দোকান-বাজারেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিক খবর অনুযায়ী, শহরের দু-একটি পুরনো বাড়ি সামান্য হেলে পড়ার খবর মিললেও বড় কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।

কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরেও জোরালো কম্পন অনুভূত হয়েছে। মেদিনীপুর শহরে জেলাশাসকের দপ্তরের কর্মীরা কাজ ফেলে বাইরে বেরিয়ে আসেন। অনেক জায়গায় বন্ধ থাকা সিলিং ফ্যানও দুলতে দেখা গেছে।

উল্লেখ্য, এদিন দুপুর ১২টা নাগাদ সিকিমেও একটি মৃদু কম্পন অনুভূত হয়, যার মাত্রা ছিল ২.৪। এর আগে গত ৩ ফেব্রুয়ারি মায়ানমারের উৎসস্থলে হওয়া ৬ মাত্রার ভূমিকম্পেও কেঁপেছিল কলকাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *