ক্ষমতার অপব্যবহার! ৭ অফিসারকে সাসপেন্ড-এর নোটিশ নির্বাচন কমিশনের, নির্দেশ এল নবান্নে, তোলপাড় রাজ্য রাজনীতি

কলকাতা- রাজ্যে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে কড়া পদক্ষেপ নিল ভারতের নির্বাচন কমিশন। ‘কর্তব্যে গাফিলতি’ এবং ‘বিধিবদ্ধ ক্ষমতার অপব্যবহার’-এর অভিযোগে পশ্চিমবঙ্গের সাতজন সরকারি আধিকারিককে (AERO) অবিলম্বে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দিয়েছে কমিশন।

রবিবার রাতে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে পাঠানো একগুচ্ছ চিঠিতে এই কড়া নির্দেশিকা জারি করা হয়।

কমিশন স্পষ্ট জানিয়েছে, এই আধিকারিকদের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সেই অগ্রগতির রিপোর্ট কমিশনকে দ্রুত জানাতে হবে।

সাময়িক বরখাস্ত হওয়া এই সাতজন আধিকারিক রাজ্যের বিভিন্ন জেলার সহকারী নির্বাচনী নিবন্ধন আধিকারিক (AERO) হিসেবে কর্মরত ছিলেন।

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে কর্মরত ডঃ সেফাউর রহমানকে, ফরাক্কার নীতিশ দাস এবং সুতির সেখ মুর্শিদ আলমকেও সাসপেন্ডের নির্দেশ কমিশনের।

দক্ষিণ ২৪ পরগনার জেলার ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের সত্যজিৎ দাস ও জয়দীপ কুণ্ডুকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুরের ডেবরার দেবাশিস বিশ্বাস, জলপাইগুড়ির ময়নাগুড়ির ডালিয়া রায় চৌধুরীকেও সাসপেন্ডের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

কমিশন সূত্রে খবর, ওই আধিকারিকদের বিরুদ্ধে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সংবিধিবদ্ধ ক্ষমতা বা ‘SIR’ সংক্রান্ত কাজে গুরুতর অনিয়ম ও গাফিলতির অভিযোগ উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *