চার অফিসারের সাসপেনশন নির্দেশ অমান্য রাজ্যের! মুখ্যসচিবকে ডেকে পাঠাল নির্বাচন কমিশন

কলকাতা- রাজ্যের চারজন অফিসারকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশও দেওয়া হয়েছিল। সেই নির্দেশ মানেনি রাজ্য সরকার।

এই নিয়েই রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে তলব করল নির্বাচন কমিশন। আগামীকাল অর্থাৎ বুধবার বিকেল ৫টার মধ্যে দিল্লিতে কমিশনের দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে।

ভোটার তালিকায় কারচুপির অভিযোগ উঠেছিল রাজ্যের চার অফিসার ও এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। তাঁরা হলেন- বারুইপুর পূর্ব (১৩৭) বিধানসভা কেন্দ্রের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী ও সহকারী ইআরও তথাগত মণ্ডল, ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও বিপ্লব সরকার ও এআইআরও সুদীপ্ত দাস এবং ফর্ম-৬ প্রক্রিয়াকরণে যুক্ত ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর সুরজিত হালদার।

সোমবারই মুখ্যসচিব নির্বাচন কমিশনে চিঠি দিয়ে জানান, এই মুহূর্তে তাঁদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তবে তাঁদের মধ্যে দু’জন যথাক্রমে বারুইপুর পূর্বের ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদার ও ময়নার এইআরও সুদীপ্ত দাসকে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নবান্ন একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে বলেও দাবি করা হয় ওই চিঠিতে। আর এই পদক্ষেপ করা নিয়ে রাজ্যের তরফে দাবি করা হয়, বিস্তারিত তদন্তের আগে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হলে তা কর্মীদের মনোবল ভেঙে দিতে পারে। এবার কমিশনের নির্দেশ রাজ্য না মানায় ডেকে পাঠানো হল মুখ্যসচিবকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *