কলকাতা- স্কুল সার্ভিস কমিশন মামলার তদন্তেও তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এসএসসি দুর্নীতি মামলায়জিজ্ঞাসাবাদের জন্য রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে তলব করা হয়েছে।
১৬ থেকে ১৮ই মার্চের মধ্যে তাঁদের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
২০২২ সালের জুলাই মাসে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন পার্থ ও অর্পিতা। অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল নগদ প্রায় ৫০ কোটি টাকা ও বিপুল সোনা। দীর্ঘদিন জেলবন্দি থাকার পর বর্তমানে দু’জনেই জামিনে মুক্ত রয়েছেন। তবে ইডি সূত্রে দাবি করা হয়েছে, এসএসসি মামলার আর্থিক লেনদেন সংক্রান্ত তদন্তে এখনও বেশ কিছু তথ্য অধরা।
সেই জট খুলতেই এবার সরাসরি পার্থ ও অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, ইডির পক্ষ থেকে এই প্রথম তাঁদের এই মামলায় তলব করা হল।
ইডি সূত্রে খবর, কেবল এই দু’জনই নন, তদন্তের স্বার্থে আরও বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এবং বেশ কিছু চাকরিপ্রার্থীকেও চলতি মাসে তলব করার পরিকল্পনা রয়েছে। তাঁদের বয়ান রেকর্ড করে দুর্নীতির শিকড়ে পৌঁছাতে চাইছে কেন্দ্রীয় সংস্থা।
গত নভেম্বরে জামিন পাওয়ার পর থেকে পার্থ চট্টোপাধ্যায় তাঁর নাকতলার বাসভবনেই রয়েছেন। মাঝে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তাঁকে। অন্যদিকে, গত বছরই জেল থেকে মুক্তি পেয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়।
