বিহারে বাজল ভোটের দামামা, নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিল কমিশন

কলকাতা- বিহারে ভোটের দামামা। ৬ এবং ১১ নভেম্বর হবে বিহার বিধানসভা নির্বাচন। সোমবার এমনটাই ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন।

দু’দফা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ১৪ নভেম্বর। নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া শেষ হবে ১৬ নভেম্বর। বিহারের বর্তমান আইনসভার মেয়াদ শেষ হবে আগামী ২২ নভেম্বর। তার আগেই নির্বাচনের দিন ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ৷

সোমবার দিল্লির বিজ্ঞানভবনে সাংবাদিক সম্মেলনের শুরুতেই দেশের সমস্ত ভোটারকে ভোজপুরী ভাষায় অভিনন্দন জানান মুখ্য নির্বাচন কমিশনার। বিহারের সব ভোটারের উদ্দেশে তিনি বলেন, ‘রাজ্যের ছটপুজো-সহ যেমন ভাবে সব উৎসবকে পালন করেন। ভোটের দিনও সেভাবে উৎসবের মতো করে পালন করুন।’

এরপরেই জ্ঞানেশ কুমার জানান, ২৪৩ আসনের বিহারে দু’দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। যার মধ্যে ১২১টি আসনে প্রথম দফায় নির্বাচন হবে ৬ নভেম্বর। বাকি ১২২টি আসনে দ্বিতীয় দফায় নির্বাচন হবে ১১ নভেম্বর।

প্রথম দফায় মনোনয়ন জমা দেওয়া যাবে ১০ অক্টোবর থেকে, মনোনয়ন জমার শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়ন প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা ২০ অক্টোবর। দ্বিতীয় দফার নির্বাচনে মনোনয়ন জমা দেওয়া যাবে ১৩ অক্টোবর থেকে মনোনয়ন জমার শেষ তারিখ ২০ অক্টোবর, মনোনয়ন প্রত্যাহারের চূড়ান্ত সময়সীমা ২৩ অক্টোবর।

নির্বাচন কমিশনের তথ্য অনুয়ায়ী, বিহারে ৭.৪৩ কোটি ভোটার রয়েছে, যার মধ্যে ৩.৯২ কোটি পুরুষ ভোটার এবং ৩.৫১ জন মহিলা ভোটার। রাজ্যে ১৪ লক্ষ নতুন ভোটার রয়েছেন।

জ্ঞানেশ কুমার আরও জানিয়েছেন, বিহারে মোট ৯০,৭১২ জন বিএলও, ২৪৩ জন ইআরও এবং ৩৮ জন ডিইও নিয়োগ করা হয়েছে, যাদের সঙ্গে এখন সরাসরি যোগাযোগ করা যাবে।

বিহারে মোট ৯০,৭১২টি ভোটকেন্দ্র রয়েছে যেখানে একটি হেল্প ডেস্ক এবং ওয়েবকাস্টিং সুবিধা থাকবে। ভোটের সময় জিরো টলারেন্স, সাফ বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে পর্যাপ্ত সিএপিএফ মোতায়েন করা হবে।

২২ নভেম্বর, ২০২৫-এ বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হওয়ার আগেই মোট ২৪৩টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনগুলির মধ্যে তফসিলি উপজাতিদের (এসটি) জন্য দুটি এবং তফসিলি জাতিদের (এসসি) জন্য ৩৮টি আসন সংরক্ষিত রয়েছে।

রাজ্যের ক্ষমতাসীন জেডিইউ-বিজেপি জোট এবার বিরোধী আরজেডি এবং কংগ্রেস-এর নেতৃত্বাধীন মহাগঠবন্ধন-এর কাছ থেকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *