কলকাতা: ভোটারদের ভোটকেন্দ্রে টানতে নতুন উদ্যোগ নিতে চলেছে নির্বাচন কমিশন। কলকাতা-সহ বিভিন্ন জেলার শহরের বিশেষ জায়গায় এবার বুথ করার পরিকল্পনা করছে কমিশন। এর ফলে বহুতলের বাসিন্দারা বাড়ি থেকে খুব কাছেই ভোট দেওয়ার সুযোগ পাবেন।
হিসেব বলছে, দীর্ঘদিন ধরেই শহরের বহুতল আবাসনগুলিতে ভোটদানের হার আশানুরূপ নয়। সাধারণত ভোটদানের গড় যেখানে অনেক বেশি, সেখানে বহুতলগুলিতে সর্বাধিক ৬০ শতাংশ পর্যন্ত ভোট পড়ে।
মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ইতিমধ্যেই প্রতিটি জেলার জেলাশাসকদের নির্দেশ দিয়েছে, কোন কোন বহুতলে বুথ করা যেতে পারে তার বিস্তারিত রিপোর্ট তৈরি করতে। শর্ত রাখা হয়েছে, ওই বহুতলে অন্তত ৬০০ জন ভোটার থাকতে হবে। থাকলে সেখানেই বুথ বসানো হবে। কমিশনের নির্দেশ অনুযায়ী, এই রিপোর্ট জেলাশাসকদের জমা দিতে হবে আসন্ন শুক্রবারের মধ্যে।
