কলকাতা- অবস্থা সঙ্কটজনক প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। প্যানক্রিয়াসের জটিল রোগে আক্রান্ত তিনি। এক এক করে ফেল করতে শুরু করেছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। কলকাতায় আর সম্ভব নয়, তাই তাঁকে তড়িঘড়ি এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়েছে দিল্লি এইএমসে।
জটিল ওই রোগের নাম গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিস। বিষয়টা আসলে কী? কেন হয় এই রোগ?
ইনটেস্টাইন বা পাকস্থলিতে আমাদের অসংখ্য ব্যাকটেরিয়া থাকে, যা পাকস্থলি থেকে কোলনের দিকে বাড়তে থাকে। এই রোগ হলে পাকস্থলিতে যা ব্যাকটেরিয়া থাকে, কোলনে তার থেকে অনেক গুণ বেশি ব্যাকটেরিয়া থাকে। কিছু কিছু অসুখ আছে যেখানে ইনটেস্টাইন ফুটো হয়ে গেলে ওই ব্যাকটেরিয়া খাবার বা রক্তের সঙ্গে মিশে সারা শরীরে ছড়িয়ে পড়ে। তা ভয়াবহ সেপসিস বা ইনফেকশনের কারণ হয়ে দাঁড়াতে পারে। ব্যাকটেরিয়া শরীরের মধ্যে এমন কিছু বিষাক্ত জিনিস নিঃস্বরণ করে, যা শরীরে অনান্য অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছে সেই সব অঙ্গকে বিকল করে দিতে পারে।
আবার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে ইনটেস্টাইনে সব সময় ফুটো হয়না। ট্রান্স মাইগ্রেশন অব ব্যাকটেরিয়া নামক পদ্ধতির মাধ্যমে ইনটেস্টাইন থেকে প্রথমে পেট গহ্বর, সেখান থেকে রক্তের মাধ্যমে সারা শরীরে সেই ভয়ঙ্কর ক্ষতিকারক ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে। এই ব্যাকটেরিয়া আর পাঁচটা সাধারণ রোগের মতো নয়। এদের শক্তি অনেক বেশি। ডাক্তারি পরিভাষায় যাকে বলে রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া। সাধারণ কোনও অ্যান্টিবায়োটিক বা ওষুধ একে কাবু করতে পারে না।
এর মূল এবং প্রধান একটি কারণ হল গলব্লাডারের স্টোন। গলব্লাডারের স্টোনের চিকিৎসা না করলে এবং কমন ডাক্ট বা লিভারের পথে পাথর হলে এই রোগ হতে পারে। এছাড়াও ট্রাই গ্লিসারাইড বেড়ে যাওয়া, প্যারাথরমনের কোনও রকম অসুবিধা হওয়ার মতো সমস্যা বা জন্মগতভাবে কোনও ত্রুটি থাকলে এই রোগ হতে পারে। কেন হয় এই রোগ? মদ্যপান বা খারাপ লাইফস্টাইল কি এই রোগের কারণ হতে পারে? বেশি মদ্যপান, খারাপ লাইফস্টাইলের মতো সমস্যায় বেশিরভাগ ক্ষেত্র মানুষ লিভার সিরোসিস বা লিভারের অন্য কোনও অসুখে ভুগতে পারেন।
