কলকাতা- আরও একবার প্রশাসনিক দায়িত্বে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের ৪৮ ঘণ্টার মধ্যেই নতুন দায়িত্ব পেলেন শোভন।
নিউটাউন-কলকাতা উন্নয়ন পর্ষদ অর্থাৎ NKDA-র চেয়ারম্যান হলেন তিনি। এর আগে NKDA-র চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। এবার সেই পদ পেলেন শোভন চট্টোপাধ্যায়। এই প্রথম নিউটাউন এর এনকেডিএ-র চেয়ারম্যান আলাদাভাবে নিযুক্ত করা হলো। এতদিন পর্যন্ত হিডকোর চেয়ারম্যানকেই এই দায়িত্ব সামলাতে হতো।
নিউ টাউনের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল, পুর পরিষেবা দেওয়ার দায়িত্বপ্রাপ্ত এনকেডিএ-র চেয়ারম্যানের জন্য আলাদাভাবে নতুন মুখ বেছে নিতে হবে। বর্তমানে হিডকোর চেয়ারম্যান পদে রয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে এনকেডিএর দায়িত্ব এতদিন সামাল দিচ্ছিলেন আমলারাই। এবার দায়িত্বে শোভন।
কলকাতা পুরসভার দীর্ঘদিনের মেয়র পদে ছিলেন শোভন। তাঁর অভিজ্ঞতার নিরিখে শোভন চট্টোপাধ্যায়কে এই দায়িত্ব দেওয়া হল বলেই মনে করা হচ্ছে।
