কলকাতা- চলন্ত ট্রেনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! টাটানগর-এরনাকুলাম এক্সপ্রেসের দুটি বগিতে আগুন লেগে মৃত্যু এক যাত্রীর।
ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনম থেকে ৬৬ কিলোমিটার দূরে ইয়ালামঞ্চিলিতে। জানা গিয়েছে, যে ২ কামরায় আগুন লাগে, তাতে মোট ১৫৮ জন যাত্রী ছিলেন।
জানা গিয়েছে, গভীর রাতে এই আগুন লাগার ঘটনা জানানো হয় পুলিশকে। জানা যায়, দুই কামরা থেকে আগুন নেভানোর পর দেখা যায় বি১ কোচে একটি মৃতদেহ পড়ে আছে। মৃতের নাম চন্দ্রশেখর সুন্দরম। মৃত যাত্রীর বয়স ৭০ বছর। তিনি বিজয়ওয়াড়ার বাসিন্দা ছিলেন।
অগ্নিকাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত দুটি কোচকে ট্রেন থেকে আলাদা করে ফেলা হয় এরপর। ট্রেনটি তারপরে এর্নাকুলামের দিকে রওনা হয়েছে। জানা গিয়েছে, বি১ এবং এম২ কোচ দুটিতে আগুন লেগেছিল। এই দুই কামরা প্যান্ট্রিকার লাগোয়া ছিল। প্যান্ট্রি থেকেই এই আগুন লেগেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে ব্রেক ওভআরহিটিং থেকেও আগুন লাগতে পারে বলে আন্দাজ করা হচ্ছে।
