গঙ্গাসাগর মেলা শুরুর আগের দিনই আগুন, কয়েক মিনিটে ভস্মীভূত একাধিক ছাউনি

কলকাতা- গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার একদিন আগেই আগুন৷ দাউ দাউ করে জ্বলল গঙ্গাসাগরের কপিলমুনির আশ্রম চত্বর সংলগ্ন রাস্তা।

শুক্রবার ভোর পাঁচটা নাগাদ আচমকাই আগুনের লেলিহান শিখা দেখা যায় আশ্রম সংলগ্ন 2 নম্বর রোডের অস্থায়ী ছাউনিগুলোতে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে সংলগ্ন এলাকায়৷ ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গাসাগরে আগত পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

এদিন ভোরে একটি ছাউনি থেকে আগুনের সূত্রপাত হয়। শুকনো হোগলা পাতা দিয়ে তৈরি হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন বিধ্বংসী রূপ ধারণ করে এবং একের পর এক ছাউনি গ্রাস করতে থাকে।

স্থানীয় বাসিন্দারা প্রথমে বালতি করে জল ঢেলে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করেন এবং দ্রুত খবর দেওয়া হয় দমকল ও পুলিশ প্রশাসনকে।

দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন । বর্তমানে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালান দমকলকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সাগরের বিডিও কানাইয়া কুমার রাও-সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। আগুনের প্রকৃত উৎস কী, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট অথবা রান্নার উনুন থেকে এই বিপত্তি ঘটতে পার। তবে মেলা শুরুর মুখে এমন ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *