বারাসত- পরপর গোডাউনে দাউদাউ করে জ্বলছে আগুন। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে এলাকা। শনিবার সন্ধ্যায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল বারাসত। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা।
শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ অগ্নিকাণ্ডটি ঘটেছে। বারাসতের কদম্বগাছি পঞ্চায়েতের বামুনমোড়া এলাকায় পরপর কয়েকটি গোডাউন রয়েছে। কয়েকটি গোডাউনে শিশুদের ন্যাপকিন মজুত থাকে। কয়েকটিতে রং এবং ইলেকট্রনিক্সের সামগ্রী ছিল। পরপর আট থেকে দশটি গোডাউন রয়েছে একই এলাকায়।
এদিন একটি গোডাউনে আগুন লাগে। দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে একটি গোডাউন থেকে পাশের পরপর গোডাউনে আগুন ছড়িয়ে যায়।
দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। কী কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা স্পষ্ট নয়। ঘটনাস্থলে পৌঁছেছেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।
