কলকাতা- জানগুরুর নির্দেশ। তার পরই ডাইনি সন্দেহে পুড়িয়ে খুন মারা হল একই পরিবারের ৫ জনকে।
বিহারের পূর্ণিয়া জেলার মুফস্সিল থানা এলাকার তাতমাটোলা গ্রামের ঘটনা। সোমবার ভোরে গ্রামবাসীরা বাবুলাল ওরাওঁ, সীতা হেমব্রম, মঞ্জিত ওরাওঁ, রনিয়া ওরাওঁ ও তপেতো মুস্মতকে পুড়িয়ে হত্যা করে বলে অভিযোগ।
পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে নকুল ওরাওঁ নামে একজনকে গ্রেফতার করেছে। বাকি অভিযুক্তরা পলাতক বলে জানা গেছে।
গ্রামের বাসিন্দা রামদেব ওরাওঁয়ের ছেলে তিনদিন আগে অসুস্থ হয়ে ঝাড়ফুঁক ও কোয়াক ডাক্তারের চিকিৎসায় মারা যায়। তার আরও এক ছেলেও অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই পরিস্থিতিতে জনৈক জানগুরুর শরণাপন্ন হন রামদেব।
জানগুরু জানায়, ডাইনির নজর লাগার কারণেই তার ছেলের মৃত্যু হয়েছে। এর পরই নির্দিষ্ট একটি পরিবারের সদস্যদের ডাইনি হিসেবে চিহ্নিত করে দেয় জানগুরু।
রামদেব ও গ্রামবাসীদের একাংশ পরিবারের ৫ জনকে প্রথমে পিটিয়ে, পরে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলে। ঘটনার সময় পরিবারেরই এক সদস্য ললিত ওরাওঁ (৩০) কোনওভাবে ঘটনাস্থল থেকে পালিয়ে প্রাণ বাঁচায়। ললিত পুলিশকে জানায়, পাঁচজনকে মারার পর মৃতদেহ জলে ফেলে দেওয়া হয়। এই ঘটনার পর পুলিশ, ডগ স্কোয়াড ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছয়।
