কলকাতা- প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ রাজনীতিক সুরেশ কালমাডি প্রয়াত। দীর্ঘ রোগভোগের পর মঙ্গলবার সকালে পুণের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। রাজনৈতিক জীবনের উত্থান-পতন এবং ২০১০ সালের কমনওয়েলথ গেমস বিতর্কিত অধ্যায়ের জন্য তিনি ভারতীয় রাজনীতিতে এক চর্চিত ব্যক্তিত্ব ছিলেন।
পুণের প্রাক্তন সাংসদ এবং কংগ্রেসের একসময়ের দাপুটে নেতা সুরেশ কালমাডির প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বহু রাজনৈতিক ব্যক্তিত্ব।
সুরেশ কালমাডি ভারতীয় বিমান বাহিনীতে পাইলট হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর ১৯৭০-এর দশকের মাঝামাঝি সময়ে তিনি যুব কংগ্রেসের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন।
তিনি মহারাষ্ট্র থেকে রাজ্যসভা এবং লোকসভার সদস্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। পি. ভি. নরসিমা রাওয়ের মন্ত্রীসভায় তিনি রেল প্রতিমন্ত্রী হিসেবেও কাজ করেছেন।
রাজনীতির পাশাপাশি ক্রীড়া প্রশাসনে কালমাডির আধিপত্য ছিল প্রশ্নাতীত। তিনি দীর্ঘ সময় ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (IOA) সভাপতি এবং এশিয়ান অ্যাথলেটিকস অ্যাসোসিয়েশনের প্রধান ছিলেন। ভারতের মাটিতে বিশ্বমানের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে তাঁর ভূমিকা অনস্বীকার্য ছিল।
