কলকাতা- পর্যটকদের জন্য সুখবর। সম্প্রতি আইনি জটিলতায় ঐতিহ্যবাহী গ্লেনারিজ-এর পানশালায় (বার) তালা ঝুলে গেছিল। মন ভেঙেছিল পাহাড়প্রেমীদের।
অবশেষে বড়দিনের ঠিক আগে স্বস্তির খবর শোনাল আদালত। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নির্দেশে আজ, বুধবার বিকেল থেকেই খুলে যাচ্ছে গ্লেনারিজের বার।
আজ মামলার শুনানি ছিল। আদালত নির্দেশ দিয়েছে, আজ বিকেল ৫টা থেকে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত বারটি পুনরায় চালু রাখা যাবে।
২৫ ডিসেম্বর এবং ইংরেজি নববর্ষের উৎসবে পর্যটকদের জন্য গ্লেনারিজের স্বাদ নিতে আর কোনো বাধা রইল না। তবে এই স্বস্তি সাময়িক। ৫ জানুয়ারি পুনরায় মামলাটি সার্কিট বেঞ্চে উঠবে।
আবগারি বিধি লঙ্ঘন এবং যথাযথ অনুমতি ছাড়া গানের আসর বসানোর অভিযোগে গত ৪ ডিসেম্বর গ্লেনারিজের পানশালার লাইসেন্স বাতিল করেছিল আবগারি দপ্তর। ৮ ডিসেম্বর পুলিশ প্রশাসন সেখানে তালা ঝুলিয়ে দেয়। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, আগামী তিন মাস বার বন্ধ থাকবে।
প্রশাসনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন গ্লেনারিজের মালিক তথা পাহাড়ের নেতা অজয় এডওয়ার্ড। তাঁর দাবি ছিল, এই পদক্ষেপের পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে।
