কলকাতা – মুর্শিদাবাদে অশান্তি নিয়ে কেন্দ্রকে রিপোর্ট দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রিপোর্টে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
রাজ্যপাল কেন্দ্রকে জানান, এমন চলতে থাকলে প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে বাংলায়। তিনি রিপোর্টে লিখেছেন, মুর্শিদাবাদের ঘটনা ‘পূর্বপরিকল্পিত’। এমনকী স্থানীয় প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতা এর জন্য দায়ী।
রিপোর্টের ছত্রেছত্রে রাজ্য প্রশাসনের অকর্মণ্যতাকে কাঠগড়ায় তুলেছেন রাজ্যপাল। তাঁর পর্যবেক্ষণ ‘রাজ্যে যদি প্রশাসনিক ব্যর্থতা এভাবেই চলতে থাকে, তাহলে কেন্দ্রীয় সরকারের উচিত সংবিধান অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা।’
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার ‘ওয়াকফ সংশোধনী বিল’ পাশ করাতেই দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিবঙ্গ। সব থেকে বেশি হিংসা ছড়ায় মুর্শিদাবাদে। ভাঙচুর করা হয় গাড়ি, আক্রান্ত হয় দোকানপাট, বাড়ি। হামলার শিকার হয় পুলিশও।
ধুলিয়ান, সামশেরগঞ্জের মতো এলাকায় হিন্দুদের বাড়ি ঘর আক্রান্ত হয় বলে অভিযোগ। মৃত্যু হয় ৩ জনের। অনেকেই ঘরছাড়া হয়ে পাশের জেলা মালদায় আশ্রয় নেন। পরে পুলিশি পদক্ষেপে ঘরছাড়ারা বাড়িতে ফিরলেও এখনও পুরোদস্তুর আতঙ্ক রয়েছে এলাকায়। তাই মুর্শিদাবাদ ও মালদা—দুই সীমান্তবর্তী জেলার অশান্ত অঞ্চলগুলিতে স্থায়ীভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরামর্শ দিয়েছেন রাজ্যপাল।
কিছুদিন আগে মালদা-মুর্শিদাবাদ সফরে যান রাজ্যপাল। সেখানে ঘরছাড়া মানুষদের সঙ্গে কথা বলেন তিনি। আক্রান্ত এলাকাগুলি পরিদর্শন করেন। আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন।
