কলকাতা- সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবার সকালে পার্কসার্কাস থেকে সায়েন্স সিটি যাওয়ার পথে তপসিয়া মোড়ে উল্টে গেল একটি যাত্রীবোঝাই সরকারি বাস।
নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা মারায় দুমড়ে-মুচড়ে যায় বাসটির সামনের অংশ। অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে, বাসের পিছনের অংশের কাচ ভেঙে উদ্ধার করা হয় যাত্রীদের।
ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন যাত্রী। আহতদের ভর্তি করানো হয়েছে চিত্তরঞ্জন হাসপাতালে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্য়ক্ষদর্শীদের মারফৎ জানা গিয়েছে, তপসিয়ার বিশ্বকর্মা বিল্ডিং লাগোয়া রাস্তায় এই ঘটনাটি ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীদের নিয়ে উল্টে যায় বাসটি। হাওড়া থেকে বারুইপুরের দিকে রওনা দিয়েছিল এই বাসটি। তপসিয়া মোড়়ের কাছে বাসের সামনের চাকা পাংচার হয়ে যায়। যার জেরে নিয়ন্ত্রণ হারায় ওই সরকারি বাসটি। পড়ে যায় দুর্ঘটনার কবলে।
সোমবার সরকারি ছুটি কাটিয়ে মঙ্গলবার সপ্তাহের প্রথম ভিড় এসে পড়তেই গোলযোগ দেখা দিয়েছে মেট্রো লাইনেও। সমস্যার সূত্রপাত সেই Blue Line। এদিন সাতসকালে নেতাজি ভবন এবং রবীন্দ্র সদনের মাঝে সুড়ঙ্গে আটকে পড়ে মেট্রো। যাত্রীদের মধ্য়ে তৈরি হয় আতঙ্ক।
জানা গিয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে আচমকা এহেন পরিস্থিতি। ফলত সাময়িকভাবে ব্যাহত হয় পরিষেবা। ওই সময় মেট্রোতেই থাকা এক যাত্রী জানিয়েছেন, ‘আচমকাই অন্ধকার নেমে আসে মেট্রো রেকে। বন্ধ হয়ে যায় সব আলো। তারপরই থেমে যায় মেট্রো। তাও আবার একেবারে সুড়ঙ্গের মাঝে।‘
