গুরুমা’ই আত্মীয় পরিবার বিচ্ছিন্ন বৃহন্নলাদের, এসআইআরে চিন্তা নেই! জানাল নির্বাচন কমিশন

কলকাতা- পরের বছর বাংলায় বিধানসভা নির্বাচন। আর নির্বাচনের প্রাক্কালে রাজ্য জুড়ে চলছে SIR প্রক্রিয়া। বাড়ি বাড়ি থেকে ভোটারদের চলছে এনুমারেশন ফর্ম ফিলআপ ও সংগ্রহের কাজ।

এই কাজ করতে গিয়ে নিত্যদিন নিত্যনতুন প্রশ্নের মুখে পড়ছেন বিএলওরা। এবার সামনে এসেছে বৃহন্নলাদের একটি সমস্যা নিয়ে। তাঁরা কীভাবে SIR-এর ফর্ম ফিলআপ করবেন তা নিয়ে চিন্তিত বৃহন্নলা সমাজ। আদৌ তাঁদের নাম সংশোধিত নতুন ভোটার তালিকায় থাকবে তো, তা নিয়ে ঘুম উড়েছে অনেকেরই।

২০০২ সালের সংশোধিত ভোটার তালিকায় নাম না থাকলে তাদের বাবা-মায়ের তথ্য দিতে হচ্ছে। অনেকে আছেন যাঁরা নিজেদের বাবা-মায়ের পরিচয় জানেন না। তাঁরা কীভাবে SIR-এর ফর্ম ফিলআপ করবেন?

এই সমস্যায় ভুক্তোভোগী এই রাজ্যের বৃহন্নলারা। এই সমস্যা নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে দেখা করেন বৃহন্নলাদের বেশ কয়েকটি সংগঠন। সাংবাদিকদের তাঁরা জানান, বৃহন্নলাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন, যাঁরা পরিবার থেকে বিচ্ছিন্ন।

অনেকের নাম ২০০২ সালের সংশোধিত তালিকায় রয়েছে। কিন্তু যাঁদের ২০০২ সালের তালিকায় নাম নেই, তাঁরা কি আত্মীয়ের জায়গায় গুরু মায়ের নাম ব্যবহার করতে পারেন?

এই পরিস্থিতিতে বৃহন্নলাদের পাশে থাকার বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। সিইও দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে, রূপান্তরকামীরা আত্মীয়ের জায়গায় নিজেদের গুরু মায়ের নাম ও তথ্য দিতে পারবেন। পাশাপাশি, তাঁরা যেন কোনও রকম হেনস্থার সম্মুখীন না হন, সেটাও নজরে রাখতে হবে জেলাশাসকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *