ভয়ঙ্কর বিপর্যয় উত্তরবঙ্গে, এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যু, আটকে বহু পর্যটক, যাচ্ছেন মুখ্যমন্ত্রী

শিলিগুড়ি – একটানা ভারী বৃষ্টি ও ধসের জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গ। দুর্যোগে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। ভেঙেছে রাস্তাঘাট, বাড়িঘর।

পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি শিলিগুড়ি পৌঁছবেন। শিলিগুড়িতে থেকে গোটা পরিস্থিতির উপর নজর রাখবেন মুখ্যমন্ত্রী।

প্রবল বর্ষণে বিপর্যস্ত পাহাড়। শনিবার রাত থেকে দার্জিলিং জেলায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। এর জেরে নেমেছে ধস। দুর্যোগে এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর মিলেছে পাহাড়ে। এর মধ্যে শুধু মিরিকেই মৃত্যু হয়েছে ৯ জনের। ৭ জনের মৃত্যু হয়েছে সুখিয়াপোখরিতে। বিজনবাড়িতে মৃত্যু হয়েছে একজনের। ধসের নীচে এখনও অনেকে চাপা পড়ে আছেন বলে মনে করা হচ্ছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি পুলিশ ও প্রশাসন নেমে পড়েছে উদ্ধার কাজে।

পুজোর ছুটিতে বহু পর্যটক বর্তমানে পাহাড়ে রয়েছেন। তাঁরা বিভিন্ন হোটেলে আটকে পড়েছেন। ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড়ে। সেকারণে আপাতত তাঁদের হোটেল ছেড়ে না বেরোনোর পরামর্শ দিয়েছেন দার্জিলিংয়ের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ।

ভারী বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বালাসন, তিস্তা, তোর্ষা, জলঢাকা, রায়ডাক, সংকোশ সহ সমস্ত নদীতে বেড়েছে জলস্তর। মিরিক, দুধিয়া, সুখিয়াপোখরি, নাগরাকাটা, বানারহাট, রামসাই এলাকা বর্ষণে ক্ষতির মুখে পড়েছে। পাহাড়ের বিভিন্ন জায়গায় নেমেছে ধস। দুধিয়ায় লোহার সেতু ভেঙে দার্জিলিং, মিরিক সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে, কোচবিহার, দিনহাটার বিভিন্ন অংশ জলমগ্ন।

টানা বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছে আলিপুরদুয়ার জেলাও। বক্সা টাইগার রিজার্ভের সমস্ত সাফারি বাতিল করা হয়েছে। বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *