বাঙালির প্রিয় রসেই নিপা ভাইরাসের আতঙ্ক! সাবধান করছেন চিকিৎসকরা

কলকাতা – শীত এলেই গ্রামবাংলার মাঠে মাঠে খেজুর গাছগুলোতে চোখে পড়ে রসের হাড়ি। এবার সেই চিরচেনা শীতের স্বাদই কী অজান্তে ডেকে আনছে মারাত্মক বিপদ?

বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গে শীতকালে নিপা ভাইরাস সংক্রমণের সঙ্গে খেজুরের রস খাওয়ার সম্পর্ক বারবার উঠে আসছে।

২০০১ সালের পর বাংলায় ফের নিপা ভাইরাস আক্রান্তের হদিশ মিলেছে। তাও আবার কলকাতার একেবারে কাছেই। সোমবারই সাংবাদিক বৈঠক করে বাংলায় দু’জন স্বাস্থ্যকর্মীর নিপা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বাস্থ্য সচিব স্বরূপ নিগম।

কোন ধরনের ফল খাওয়া থেকে বিরত থাকতে হবে? বাদুড় তো কত কিছুই খেতে পারে, সাধারণ মানুষ বুঝবেন কীভাবে? বিশেষজ্ঞরা বলছেন, শীতে নিপার দাপট বাড়াতে সাহায্য করে খেজুরের রস। যা সাধারণ মানুষেরও প্রিয়।

আবার বাদুড়ের প্রিয়। শীতের আমেজ নিতে অনেকেই ভোরের দিকে খেজুরের রস খেতে চলে যান। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে, খেজুরের কাঁচা রস থেকে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভবনা অনেকটাই বেশি।

বেশ কয়েকটি পরিসংখ্যান অনুযায়ী, ফল বা রস থেকেই শুধু নয়, বরং ২৮ শতাংশ রোগী আক্রান্ত হয়েছেন অন্য কোনও নিপা আক্রান্ত রোগীর সংস্পর্শে এসে। এই নিপা ভাইরাস যথেষ্ট ভয়াবহ। বিশ্বের নিরিখে নিপায় গড়ে মৃত্যুহার ৭২ শতাংশ। নিপার সবচেয়ে বড় উৎস হল বাদুড়ের শরীরে থাকা দেহরস। যা শুধুই বাদুড়ের থেকেই হবে এমনটাও নয়। শূকর, কাঠবিড়ালি থেকে এই ভাইরাস ছড়াতে পারে বলেই জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *