‘হিউম্যান জিপিএস’ বগু খান খতম! ১০০ জঙ্গি অনুপ্রবেশে হাত ছিল এই মোস্ট ওয়ান্টেড-এর

কলকাতা- শনিবার জম্মু ও কাশ্মীরের গুরেজ সেক্টরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হল মোস্ট ওয়ান্টেড জঙ্গি বাগু খান ওরফে সমন্দর চাচা। ১৯৯৫ সাল থেকে পাক অধিকৃত কাশ্মীরে সক্রিয় বাগু খানকে জঙ্গি চক্রে ‘হিউম্যান জিপিএস’ বলা হত। প্রতিরক্ষা দফতর সূত্রের খবর, গত তিন দশকে শতাধিক অনুপ্রবেশের চেষ্টার সঙ্গে যুক্ত ছিল বাগু খান।

গুরেজ সেক্টরের দুর্গম ভৌগোলিক অবস্থান এবং গোপন পথ সম্পর্কে গভীর জ্ঞান ছিল এই বগু খানের। এই কারণে তার নেতৃত্বে বেশিরভাগ অনুপ্রবেশের প্রচেষ্টাই সফল হয়েছিল। এ কারণেই প্রতিটি সন্ত্রাসী সংগঠনের কাছে তার বিশেষ গুরুত্ব ছিল। সে প্রথমে হিজবুল কম্যান্ডার হলেও গুরেজ ও সংলগ্ন এলাকা থেকে লস্কর-ই-তৈবা, জইশ-ই-মহম্মদ-সহ সব জঙ্গি সংগঠনকে অনুপ্রবেশে সাহায্য করত। 

জানা গিয়েছে, এহেন বাগু খান নশেরা থেকে অনুপ্রবেশের চেষ্টা করার সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে। এই একই এনকাউন্টারে খতম হয়েছে আরও এক জঙ্গিও। বছরের পর বছর ধরে নিরাপত্তা বাহিনীর নজরদারি এড়িয়ে চলা বাগু খানকে অবশেষে খতম করতে পারায় বড় সাফল্য অর্জন করেছে সেনা।

এদিকে বগু খানের মৃত্যু সন্ত্রাসবাদী সংগঠনগুলির রসদ সরবরাহ এবং অনুপ্রবেশের নেটওয়ার্কে একটি বড় ধাক্কা হিসাবে মনে করা হচ্ছে। সেনা আধিকারিকরা বলছেন, গত বৃহস্পতিবার গুরেজ সেক্টরে ভারতীয় সেনার এনকাউন্টারে দুই অনুপ্রবেশকারীকে খতম করা হয়। তাদেরই একজন ছিল বগু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *