মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি নিয়ে বড়সড় বিতর্ক, হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে দিল তৃণমূল

কলকাতা- বাবরি মসজিদ বিতর্ক, এবার দল থেকে সাসপেন্ড করা হল বিধায়ক হুমায়ুন কবিরকে। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে হুমায়ুনকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম।

ফিরহাদ বলেন, ‘তিনবার হুমায়ুনকে সতর্ক করা হয়েছিল। আমরা দেখেছি হঠাৎ করে তিনি ঘোষণা করলেন যে বাবরি মসজিদ তৈরি করবেন। হঠাৎ বাবরি মসজিদ কেন? আমরা আগেই তাঁকে সতর্ক করে দিয়েছিলাম। তাই আমাদের দলের শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি।’

জানা গিয়েছে, বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরির সিদ্ধান্তে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৬ ডিসেম্বর বেলডাঙাতে বাবরি মসজিদের শিলান্যাস করবেন বলে ঘোষণা করেছিলেন হুমায়ুন।

ভরতপুরের বিধায়কের অভিযোগ, জমি পাওয়ার ক্ষেত্রে প্রশাসন অসহযোগিতা করছে। এই আবহে হুমায়ুনের আঙুল বেলডাঙার এসডিপিও উত্তম গড়াইয়ের দিকে। মুর্শিদাবাদের জেলার পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধেও হুমকি দিয়েছেন হুমায়ুন। তিনি পুলিশ ও প্রশাসনকে ‘আরএসএসের দালাল’ বলে অভিযোগ করেন।

হুমায়ুন বলেন, ‘আমার চ্যালেঞ্জ ৬ তারিখে রেজিনগর থেকে বহরমপুর পর্যন্ত জাতীয় সড়ক আমার দখলে থাকবে। মুসলিমদের দখলে থাকবে।’

ওদিকে, ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিন সংহতি দিবসের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়রা উপস্থিত থাকবেন। তবে সেই অনুষ্ঠানে যোগ দিতে যাবেন না ভরতপুরের তৃণমূল বিধায়ক। তার বদলে তিনি মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাসের আয়োজন করতে চান।

তাঁর দাবি ছিল, ২ লক্ষ লোক সেই অনুষ্ঠানে থাকার কথা। হুয়ামুন বলেছিলেন, শুধু মুর্শিদাবাদ নয়, উত্তরবঙ্গ এমনকী বীরভূম থেকেও প্রচুর মানুষ আসবেন। আব্বাস সিদ্দিকিকেও আমন্ত্রণ জানানোর কথা বলেছিলেন।

নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, এমন আশঙ্কার কথা প্রকাশ করেন রাজ্যপাল। তিনি হুমায়ুনকে গ্রেফতারের দাবি তুলে শাসকদলকে একটি চিঠিও লেখেন বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *