কলকাতা- সমস্ত জল্পনার অবসান। ভেন্যু পরিবর্তন বা গ্রুপ বদল—বাংলাদেশের কোনও দাবিই মেনে নিল না আইসিসি।
বুধবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভারতেই অনুষ্ঠিত হবে।
একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (BCB) চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য মাত্র ২৪ ঘণ্টা বা বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আইসিসি।
ভার্চুয়াল বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম নিজের অনড় অবস্থানে থাকলেও শেষ পর্যন্ত বিষয়টি ভোটাভুটির দিকে গড়ায়। আইসিসি সভাপতি জয় শা এবং অন্যান্য সদস্য দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে হওয়া এই ভোটাভুটিতে অধিকাংশ দেশই বাংলাদেশের বিপক্ষে মত দেয়।
আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভারত নিরাপদ এবং সেখানে খেলোয়াড় বা দর্শকদের কোনও নিরাপত্তা ঝুঁকি নেই। এভাবে শেষ মুহূর্তে সূচি বদলালে ভবিষ্যতে তা একটি ‘খারাপ উদাহরণ’ হয়ে থাকবে।
আইসিসি-র এই চরমপত্রের পর এখন বল বিসিবি-র কোর্টে। ঢাকা সূত্রে খবর, বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার পর আগামীকালই নিজেদের চূড়ান্ত অবস্থান জানাবে তারা।
