টি-২০ বিশ্বকাপে টানা ফ্লপ, একের পর এক শূন্য…! তবুও অভিষেকই এখনও বিশ্বের এক নম্বর! কী করে সম্ভব!

কলকাতা- টি-২০ বিশ্বকাপে টানা ফ্লপ। পর পর ম্যাচে শূন্য! তবুও আইসিসি ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রাখতে পারলেন অভিষেক শর্মা!

ফর্ম যে সবসময় অপরিহার্য নয়, তা বুঝিয়ে দিলেন ভারতের তরুণ তুর্কি অভিষেক শর্মা। শেষ ৭ ম্যাচে পাঁচটি শূন্য করার পরও বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটারের মুকুট তাঁর মাথাতেই রয়ে গেছে।

চলতি টি-২০ বিশ্বকাপে অভিষেকের ব্যাট থেকে রান আসছে না। আমেরিকার বিরুদ্ধে প্রথম বলে আউট, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিরুদ্ধেও শূন্য! নামিবিয়া ম্যাচে পেটের সমস্যার কারণে মাঠেও নামতে পারেননি তিনি। তবে আগের জমানো রেটিং পয়েন্টের সৌজন্যে ফিল সল্টকে পেছনে ফেলে এখনও এক নম্বরেই বিরাজ করছেন তিনি।

বিশ্বকাপে টানা দু’টি বিধ্বংসী অর্ধশতরান করেছেন ঈশান কিষাণ (নামিবিয়ার বিরুদ্ধে ৬১ এবং পাকিস্তানের বিরুদ্ধে ৭৭)। তিনি এক লাফে ১৭ ধাপ উপরে উঠে গেলেন।

বর্তমানে তিনি বিশ্বের ৮ নম্বর ব্যাটার। বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পর এই পারফরম্যান্স নির্বাচকদের জন্য কড়া বার্তা বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

বোলিং তালিকায় ভারতের বরুণ চক্রবর্তী নিজের রাজত্ব বজায় রাখলেও আফগানিস্তানের রশিদ খান দ্বিতীয় স্থানে উঠে এসে প্রবল চাপ তৈরি করছেন।

এদিকে জিম্বাবোয়ের ব্র্যাড ইভান্স ১০ ধাপ উঠে পৌঁছে গেছেন পঞ্চম স্থানে। অলরাউন্ডারদের লড়াইয়ে পাকিস্তানের সাইম আয়ুব এখন বিশ্বসেরা, আর নেপালের দীপেন্দ্র সিংহ ঐরী ও আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমরজাই যৌথভাবে চতুর্থ স্থানে থেকে চমক দিলেন।

প্রথম ১০ জন ব্যাটারের মধ্যে অভিষেক (১) ও ঈশান (৮) ছাড়াও রয়েছেন তিলক বর্মা (৪) এবং সূর্যকুমার যাদব (৬)। অর্থাৎ টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটিংয়ে ভারতের আধিপত্য এখনও অটুট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *