কলকাতা- দীর্ঘ অপেক্ষার পর শেষ পর্যন্ত জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন তাঁর বোন।
মঙ্গলবার আদিয়ালা জেলে ইমরান খানের সঙ্গে দেখা করলেন তাঁর বোন উজমা খানুম। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর মৃত্যুর জল্পনা উড়িয়ে তিনি জানান, তেহরিক-ই-ইনসাফ প্রধান জীবিত আছেন। তবে তিনি ভাল নেই। প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর উপর ব্যাপক মানসিক নির্যাতন করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁর বোন।
মঙ্গলবার বিকেলে আদিয়ালা জেলে মাত্র ২০ মিনিটের জন্য ইমরানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছিলেন তাঁর বোন। সেই সাক্ষাৎকার পর্ব শেষে বাইরে এসে তিনি জানালেন, মৃত্যুর গুজব ভুয়ো। বেঁচে আছেন ইমরান।
উজমা বলেন, ‘সাংঘাতিক মানসিক নির্যাতনের শিকার ইমরান। এই নিয়ে ভীষণ ক্ষুব্ধ ছিলেন তিনি। খানকে সারাদিন একটা সেলে বন্দি করে রাখা হয়েছে। কারও সঙ্গে কথা বলতে দেওয়া হয় না। অল্প সময়ের জন্য সেলের বাইরে বের হতে দেওয়া হয়।’
