কলকাতা- ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইর মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি চরম আকার ধারণ করেছে।
এই উত্তপ্ত আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব ভারতেও পড়ার আশঙ্কা করছে কেন্দ্র। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে সবক’টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে উচ্চ সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় জানানো হয়েছে, ইরান ও ইজরায়েলের সংঘাতকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত অশান্তি বা হিংসাত্মক প্রতিবাদ দেখা দিতে পারে। বিশেষ করে শিয়া সম্প্রদায়ের বিক্ষোভের দিকে নজর রাখতে বলা হয়েছে।
এছাড়াও ইজরায়েল, আমেরিকা এবং ইরানের দূতাবাস ও কনস্যুলেটগুলিতেও নিরাপত্তা কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে, এই ডামাডোলের সুযোগ নিতে পারে ইসলামিক স্টেট বা আল-কায়দার মতো জঙ্গি সংগঠনগুলি। ইহুদি ধর্মীয় স্থান, পর্যটন কেন্দ্র এবং পশ্চিমী দেশগুলির বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকে লক্ষ্যবস্তু করা হতে পারে। জনবহুল এলাকায় আইইডি তল্লাশি এবং পুলিশের টহলদারি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
গুজব ও উসকানিমূলক বার্তা ছড়িয়ে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয়, সেদিকে বিশেষ নজর দিচ্ছে সাইবার সেল। প্রতিটি রাজ্যের পুলিশকে পরিস্থিতির ওপর প্রতিমুহূর্তে নজর রাখতে এবং র্যাপিড রেসপন্স টিম প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, শনিবারই ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলায় মৃত্যু হয় খামেনেইয়ের। এরপর পালটা হামলা শুরু করেছে ইরানও। বিদেশের এই আগুনেই যাতে ভারত অশান্ত না হয়, তা নিশ্চিত করতেই এখন তৎপর দিল্লি।
