কলকাতা- দুই ইনিংস মিলিয়ে ভারতের পাঁচটি সেঞ্চুরি, বুমরাহর এক ইনিংসে ৫টি উইকেট, ৩৭১ রান ঝুলিতে, তবুও ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জিততে পারল না ভারত।
লিডসে হেডিংলে টেস্টে ভারতকে ৫ উইকেটে হারিয়ে দিল ইংল্যান্ড। টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়ে ছিলেন ব্রিটিশ অধিনায়ক বেন স্টোকস। প্রথম ইনিংসে ব্যাট করে ভারত করেছিল ৪৭১ রান। জবাবে ইংল্যান্ড করে ৪৬৫ রান। মাত্র ৬ রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ভারত করে ৩৬৪ রান। শুভমান গিলরা ইংল্যান্ডকে টার্গেট দেন ৩৭০ রান। পাহাড় প্রমাণ রান খুব সহজেই তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।
একের পর এক ক্যাচ মিসের মাশুল দিল টিম ইন্ডিয়া। চতুর্থ ইনিংসে রান তাড়া করে ৫ উইকেটে ৩৭৩ রান করলেন বেন স্টোকসেরা। পাঁচটি শতরান করেও জিততে পারল না ভারত। হেডিংলেতে এর আগে এত রান তাড়া করে কখনও টেস্ট জেতেনি ইংল্যান্ড। পাঁচ টেস্টের সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়লেন শুভমন গিলেরা।
চতুর্থ দিন মেঘলা আবহাওয়াতেও স্বচ্ছন্দে ব্যাট করে যান ডাকেট এবং ক্রলি। ১২২ বলে শতরান পূর্ণ করেন ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট।
