মাত্র ৮ দিনে সিদ্ধান্ত বদলে ইউ টার্ন! বাংলাদেশকে ঢাল বানিয়ে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলবে পাকিস্তান

কলকাতা- মাত্র আট দিনের মাথায় সিদ্ধান্ত বদল! নিজেদের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে খেলার সবুজ সংকেত দিল পাকিস্তান সরকার।

জানা গিয়েছে, এর নেপথ্যে রয়েছে কূটনৈতিক চাল। সংবাদসংস্থা পিটিআই-এর দাবি, পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির সাজানো ‘স্ক্রিপ্ট’ মেনেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি অনুরোধের চিঠি পাকিস্তানের মান বাঁচানোর রাস্তা করে দিয়েছে।

১লা ফেব্রুয়ারি পাকিস্তান সরকার জানিয়েছিল, তারা ভারতের বিরুদ্ধে খেলবে না। ফলে সংকটে পড়ে আইসিসি। ভারত-পাক ম্যাচ না হওয়া মানে সম্প্রচারকারী সংস্থা থেকে শুরু করে আইসিসি-র লভ্যাংশে বিশাল টান পড়া, যার প্রভাব পড়ত প্রতিটি দেশের ক্রিকেট বোর্ডের ওপর।

এর পর শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহি এবং বাংলাদেশ বোর্ডের পক্ষ থেকে পাকিস্তানের ওপর প্রবল চাপ তৈরি করা হয়।

জানা যাচ্ছে, নকভি নিজেই বিসিবি-কে অনুরোধ করেন একটি চিঠি পাঠাতে। সেখানে পাকিস্তানকে ভারতের বিরুদ্ধে খেলার আবেদন জানানো হবে। সোমবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের সময় নকভি সেই চিঠিটিকেই ঢাল হিসেবে ব্যবহার করেন। তিনি দাবি করেন, বন্ধু দেশ বাংলাদেশের অনুরোধ ফেলতে না পেরেই পাকিস্তান এই সিদ্ধান্ত বদল করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *