কলকাতা- একের পর এক উন্নত মানের ক্ষেপণাস্ত্র তৈরি করে চমকে দিয়েছে ভারত। বৃহস্পতিবার আরও এক ইতিহাস রচনা করল ভারত। এ দিন মাঝারি পাল্লার অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের একটি পরীক্ষায় সফল হল ভারত।
অগ্নি প্রাইম নিক্ষেপ করা হলো একটি ট্রেন থেকে। আরও নির্দিষ্ট করে বললে ভারতীয় রেলওয়ের লোকোমোটিভ ইঞ্জিনে টানা একটি লঞ্চ বেড থেকে।
রাশিয়া, আমেরিকা এবং চিন ছাড়া বিশ্বের আর কোনও দেশের এই ক্ষমতা নেই।বৃহস্পতিবার সকালে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সোশ্যাল মিডিয়ায় এই পরীক্ষার একটি ভিডিয়ো প্রকাশ করেছেন।
ভারতীয় সেনাবাহিনী এখন দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকেও অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য উপযুক্ত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারবে। যে জায়গায় সড়ক যোগাযোগ নেই অথচ ট্রেন চলে, সেই সকল জায়গা থেকেও ক্ষেপণাস্ত্র ছোড়া যাবে।
ভারতীয় রেলওয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। সরকারি পরিসংখ্যান বলছে, গত বছরের মার্চ পর্যন্ত ভারতের মোট রেলওয়ে ট্র্যাকের দৈর্ঘ্য প্রায় ৭০,০০০ কিলোমিটার।
ট্রেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার সুবিধা হল শত্রুপক্ষের উপগ্রহের নজর থেকে ক্ষেপণাস্ত্রগুলিকে ট্রেনের সুড়ঙ্গে লুকিয়ে রাখতে পারবে সেনাবাহিনী। বিশেষ করে উৎক্ষেপণস্থলের কাছেই যদি কোনও সুড়ঙ্গ থাকে, তা হলে শেষ মুহূর্ত পর্যন্ত সেই সুড়ঙ্গে ক্ষেপণাস্ত্র লুকিয়ে রাখতে পারবে বাহিনী। তার পরে সেখান থেকে রেল ট্র্যাক ধরে ক্ষেপণাস্ত্রটিকে এনে অতর্কিতে হামলা চালানো যাবে।
