কলকাতা- এই নিয়ে টানা ৬বার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারত। বিরাট কোহলি, শুভমান গিলদের উত্তরসূরিরা আবারও বিশ্বকাপ জয়ের দোরগোড়ায়।
বুধবার সেমিফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারত। ৩১০ রানের পাহাড়প্রমাণ লক্ষ্য তাড়া করে কার্যত হেলায় ম্যাচ জিতে নিলেন আয়ুষ মাত্রেরা। এবার শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের সামনে প্রতিপক্ষ ইংল্যান্ড।
বুধবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। পাওয়ার প্লে-তে শুরুটা কিছুটা ধীরগতিতে করলেও খালিদ আহমেদজাই আউট হতেই বদলে যায় খেলার দৃশ্যপট। ফয়সল শিনোজাদার ৯৩ বলে ১১০ রান এবং উজাইরুল্লা নিয়াজাইয়ের অপরাজিত ১০১ রানের সৌজন্যে ৩১০ রানের বড় স্কোর খাড়া করে আফগানরা।
৩১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটা ছিল মারকুটে। ওপেনার বৈভব সূর্যবংশী মাত্র ৩৩ বলে ৬৮ রানের ইনিংস খেলে ম্যাচের ভিত তৈরি করে দেন। এরপর অধিনায়ক আয়ুষ মাত্রের ৫৯ বলে ৬৮ রানের ইনিংস ভারতকে জয়ের পথে এগিয়ে নিয়ে যায়। তবে সেমিফাইনালের নায়ক অ্যারন জর্জ। সেঞ্চুরি করেন তিনি।
টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত ভারত। ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে এই ফর্ম ধরে রাখতে পারলে আবারও যুব বিশ্বকাপ ঘরে তুলবে টিম ইন্ডিয়া।
