কলকাতা – ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের থেকে ২৬ ধাপ পিছিয়ে থাকা দল। সেই হংকংয়ের কাছেও হারল ভারত। এদিন ১-০ গোলে হেরে গেল ভারত।
হংকংকে তিন বছর আগে সুনীল ছেত্রীরা হারিয়েছিলেন ৪ গোলে। এবার অ্যাওয়ে ম্যাচ থেকে শূন্য হাতেই দেশে ফিরতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। এদিন পেনাল্টি থেকে গোল করে দলকে জেতালেন ফার্নান্দো পেরেইরা।
মঙ্গলবার হংকংয়ের কাইতাক স্টেডিয়ামে ভারত-হংকংয়ের ম্যাচ দেখতে ভিড় জমিয়েছিলেন ৫০ হাজার দর্শক। গোটা স্টেডিয়াম লালে লাল। এদিন সুনীল ছেত্রীকে সাইড বেঞ্চে রেখেই দল সাজায় ভারত। একে তো ঘরের মাঠ, তার উপর মানোলো মার্কেজের স্ট্রাটেজি। দুইয়ের অ্যাডভান্টেজ নিয়েই নামল হংকং।
প্রথমার্ধের ৩৫ মিনিটের মধ্যেই গোলের সুবর্ণ সুযোগ পেয়ে গেছিল ভারত। লিস্টন কোলাসো সুন্দর বল বাড়িয়ে দিয়েছিলেন আশিক কুরুনিয়ানকে লক্ষ্য করে। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও তিনি বলটি জালে জড়াতে পারেননি। দ্বিতীয়ার্ধের শুরুতে আশিক কুরুনিয়ান আরেকটি সুযোগ মিস করেন। সুনীল ছেত্রীকে বাধ্য হয়েই শেষদিকে নামান মার্কুয়েজ, কিন্তু ততক্ষণে খেলা ধরে নিয়েছে হংকংয়ের মাঝমাঠ।
ম্যাচের সংযুক্ত সময় বাধ্য হয়েই বিশাল কাইথকে বক্সের ভিতর একটি ফাউল করতে হয়। পেনাল্টি পায় হংকং। সেখান থেকেই হংকংয়ের স্টিফান পেরেইরা গোল করে তাঁদের এগিয়ে দেন। আসলে সংযুক্ত সময়েরও শেষদিকে গোলটি হওয়ায়, ভারতীয় দলের কাছেও তেমন সুযোগ ছিল না আর সমতা ফেরানোর।
