কলকাতা- মাত্র ৪৩ বছর বয়সে প্রয়াত ইন্ডিয়ান আইডল সিজন ৩-এর বিজয়ী প্রশান্ত তামাং। রবিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা প্রশান্ত তামাং।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। নয়াদিল্লির বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন প্রশান্ত। ২০০৭ সালে টেলিভিশন রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে বিজয়ী হয়ে ইতিহাস গড়েছিলেন দার্জিলিংয়ের এই ভূমিপুত্র।
এক সাধারণ পুলিশ কনস্টেবল থেকে রাতারাতি জাতীয় সঙ্গীত সেনসেশনে পরিণত হয়েছিলেন তিনি। তাঁর সেই জয়ের পেছনে কেবল তাঁর গলার মাধুর্য ছিল না, ছিল অগণিত গোর্খা এবং নেপালি ভাষাভাষী মানুষের আবেগ ও সমর্থন।
কলকাতা পুলিশের অর্কেস্ট্রায় গান গাইতেন, সেখান থেকে গোটা ইন্ডিয়ার মনের মণিকোঠায় স্থান করে নেন। ইন্ডিয়ান আইডল জেতার পর তাঁর প্রথম অ্যালবাম ‘ধন্যবাদ’ ব্যাপক জনপ্রিয়তা পায়।
হিন্দি ও নেপালি ভাষায় তিনি অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। কেবল গান নয়, নেপালি চলচ্চিত্রেও তিনি নিজের নাম উজ্জ্বল করেছিলেন। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল আমাজন প্রাইম ভিডিও-র পাতাললোক সিজন ২-তে।
গোর্খা সম্প্রদায়ের কাছে তিনি ছিলেন এক অনুপ্রেরণার নাম। তাঁর মৃত্যুতে বিনোদন জগত একজন বহুমুখী প্রতিভাকে হারালো। রেখে গেলেন তাঁর স্ত্রী ও পরিবারকে।
