অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে বড় নিয়ম রেলের, এবার থেকে বাধ্যতামূলক আধার কার্ড! 

কলকাতা- পুজোর আগে ট্রেনের টিকিট কাটায় বড় নিয়ম ভারতীয় রেলের! সাধারণ যাত্রীরা দীর্ঘদিন ধরে অনলাইন রিজার্ভ টিকিট বুকিংয়ের ক্ষেত্রে যেসব বিষয়ে অভিযোগ, ক্ষোভ প্রকাশ করেছেন, নয়া নিয়মে সমাধান হবে সেসব বিষয়ের?

মঙ্গলবার ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, এবার থেকে টিকিট কাটতে গেলে, প্রথম ১৫ মিনিট আধার কার্ড ব্যবহার বাধ্যতামূলক ব্যবহারকারীদের। অর্থাৎ টিকিট বুকিং শুরু হওয়ার প্রথম ১৫ মিনিট আধার কার্ড ছাড়া টিকিট কাটতে পারবেন না ব্যবহারকারীরা।

জানা গিয়েছে, টিকিট বুকিংয়ে জালিয়াতি রুখতেই এই পদক্ষেপ গ্রহণ করেছে রেল। কারণ হিসেবে জানা যাচ্ছে, বর্তমানে ট্রেনের টিকিট কাটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই এজেন্টদের দ্বারা স্বয়ংক্রিয় বুকিংয়ের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নিয়মিত যাত্রীদের কাছে সীমিত বিকল্প থাকে। প্রাথমিক পর্যায়ে আধার যাচাই বাধ্যতামূলক হওয়ার ফলে, কেবলমাত্র যাচাই করা ব্যবহারকারীরা তাৎক্ষণিকভাবে বুকিং অ্যাক্সেস করতে পারবেন।

নয়া নিয়মে রেলের অধীনস্থ সংস্থা আইআরসিটিসি-র কিংবা কোনও অ্যাপের মাধ্যমে টিকিট বুকিংয়ের সময় প্রযোজ্য হবে এই নিয়ম।

জানা গিয়েছে, আগামী মাসের প্রথম দিন অর্থাৎ ১লা অক্টোবর থেকে চালু হতে চলেছে টিকিট বুকিংয়ের নতুন নিয়ম। পুজোর মাঝেই চালু হচ্ছে নয়া নিয়ম।

রেলওয়ে বোর্ড সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (CRIS) এবং IRCTC-কে প্রয়োজনীয় আপডেট বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। নয়া পরিবর্তনগুলি সম্পর্কে জনসাধারণকে অবহিত করার জন্য একটি ব্যাপক সচেতনতামূলক প্রচারও শুরু করা হবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *