কলকাতা- উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে পাঠালেন পদত্যাগপত্র। শারীরিক অসুস্থতার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন বাংলার প্রাক্তন রাজ্যপাল।
২০২২ সালে অগাস্ট মাসে উপরাষ্ট্রপতি হিসাবে দায়িত্বগ্রহণ করেছিলেন জগদীপ ধনখড়। বিরোধী শিবিরের প্রার্থী মার্গারেট আলভাকে ৩৪৬ ভোটে হারিয়ে দেশের উপরাষ্ট্রপতি হয়েছিলেন তিনি।
সোমবারও রাজ্যসভায় অধ্যক্ষ হিসাবে অধিবেশন পরিচালনা করেন ধনখড়। আর রাতেই ইস্তফার কথা জানালেন তিনি।
ধনখড় চিঠিতে লিখেছেন, পরামর্শ মেনে নিজের স্বাস্থ্যে নজর দেওয়ার জন্যই উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দিয়েছেন তিনি। অর্থাৎ মঙ্গলবার থেকেই আর দায়িত্বে থাকছেন না তিনি।
দায়িত্বে থাকাকালীন কীভাবে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্যান্য মন্ত্রীদের সমর্থন পেয়েছেন, সে কথা চিঠিতে উল্লেখ করেছেন ধনখড়। তিনি লিখেছেন, ‘যে আন্তরিকতা পেয়েছি, যেভাবে আমার উপর আস্থা রাখা হয়েছে, তা আমার সারাজীবন মনে থাকবে।’
