একইদিন দ্রাবিড়, কালিস, পন্টিংয়ের রেকর্ড ভাঙলেন রুট, ভারতের বিরুদ্ধে বিধ্বংসী ইংরেজ তারকা

কলকাতা – একইদিনে রাহুল দ্রাবিড়, জ্যাক কালিস এবং রিকি পন্টিংকে পিছনে ফেলে দিলেন জো রুট। টেস্টের ইতিহাসে সর্বোচ্চ রানের তালিকায় শুক্রবার তিনজনকে ছাপিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার।

আপাতত তাঁর সামনে আছেন শুধুমাত্র সচিন তেন্ডুলকর, যিনি ২০০টি টেস্টে (৩২৯ট ইনিংস) মোট ১৫,৯২১ রান করেছেন। তাঁর থেকে ২,৫০০ রানের মতো দূরে রুট।

ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় দিনের খেলার শেষে ১১ রানে অপরাজিত ছিলেন রুট। তৃতীয় দিনে আর ৩১ রান যোগ করতেই পিছনে ফেলে দেন কালিস এবং দ্রাবিড়কে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ১৬৬টি টেস্টে ১৩,২৮৯ রান করেছিলেন। আর ১৬৪টি টেস্টে ১৩,২৮৮ রান করেছিলেন ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটার। সেই রেকর্ড ভেঙে দেন রুট।

তার পর ম্যাঞ্চেস্টারে ১১৯ রানের মাথায় এক রান নিয়ে পন্টিংকে টপকে যান রুট। অর্থাৎ ১২০ রান করতেই পন্টিংয়ের ১৩,৩৭৮ রানের মাইলস্টোন পেরিয়ে যান। ১৬৮টি টেস্টে সেই রানটা করেছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা। আর আপাতত নিজের কেরিয়ারের ১৫৭ তম টেস্ট খেলছেন রুট। করে ফেলেছেন ১৩,৩৭৯ রান। করেছেন মোট ৩৮টি শতরান।

একটি দলের বিরুদ্ধে টেস্টে সর্বাধিক শতরান: শীর্ষে ডন ব্র্যাডম্যান। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯টি শতরান করেছিলেন। দ্বিতীয় স্থানে আছেন সুনীল গাভাসকর। তৃতীয় স্থানে যুগ্মভাবে আছেন ইংল্যান্ডের জ্য়াক হবস, স্টিভ স্মিথ এবং রুট। হবস সেই নজির গড়েছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ইংরেজদের বিরুদ্ধে অতগুলি শতরান করেছেন স্মিথ। আর ভারতের বিরুদ্ধে ১২টি শতরান করে ফেললেন রুট।

আবার ভারতের বিরুদ্ধে টেস্টে সর্বোচ্চ শতরানের নিরিখে স্মিথকে ছাপিয়ে গেলেন রুট। ভারতের বিরুদ্ধে স্মিথ ১১টি শতরান করেছেন। আর রুট করে ফেললেন ১২টি শতরান। আর সার্বিকভাবে টেস্টে সর্বাধিক শতরানের নিরিখে কুমার সাঙ্গাকারার রেকর্ড স্পর্শ করলেন। সচিন করেছেন ৫১টি শতরান। কালিস ও পন্টিংয়ের শতরানের সংখ্যা যথাক্রমে ৪৫ এবং ৪১। রুট এবং সাঙ্গাকারা করেছেন ৩৮টি শতরান।

দেশের মাটিতে সর্বোচ্চ টেস্ট শতরান: ম্যাঞ্চেস্টারে শতরান করে ইংল্যান্ডে সেঞ্চুরির সংখ্যা বাড়িয়ে ২৩ করে ফেললেন রুট। পন্টিং, কালিস এবং মাহেলা জয়বর্ধনেও ঘরের মাঠে টেস্টে ২৩টি শতরান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *