কলকাতা- চিকিৎসককে নিগ্রহের অভিযোগ অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। অভিযোগ, কলকাতার ট্রপিকাল মেডিসিন হাসপাতালের আউটডোর বিভাগের এক চিকিৎসকের সঙ্গে অত্যন্ত বাজে ব্যবহার করার পাশাপাশি বদলি করে দেওয়ার হুমকিও দিয়েছেন কাঞ্চন। এই ঘটনায় যথেষ্টই ক্ষুব্ধ হাসপাতালের চিকিৎসকরা। ইতিমধ্যেই কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে স্বাস্থ্যভবনে। স্বাস্থ্যভবন সূত্রের খবর, অভিযোগ মিলেছে। খতিয়ে দেখা হচ্ছে।
জানা গিয়েছে, এদিন দুপুর ১টা ৫০ মিনিট নাগাদ, শ্রীময়ীর অশীতিপর দিদাকে চিকিৎসা করাতে ট্রপিক্যালে যান কাঞ্চন ও তাঁর স্ত্রী শ্রীময়ী। সেখানেই আচমকাই মেডিসিন বিভাগের কর্মরত চিকিৎসকের সঙ্গে বচসায় জড়ান অভিনেতা। অভিযোগ, সেখানে কর্তব্যরত চিকিৎসককে জোর করেন তাঁর শাশুড়িকে আগে দেখে দিতে হবে। ডাক্তার বিধায়ককে জানিয়েছিলেন, একটি শিশুকে তিনি দেখছেন। তাঁকে দেখে বৃদ্ধাকে দেখে দেবেন। এতেই চটে যান বিধায়ক। ডাক্তারের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এটা দেখে আউটডোরে থাকা অন্য রোগীরা বেজায় রেগে যান। তাঁরাও কাঞ্চনের দুর্ব্যবহারের প্রতিবাদ জানান। মূলত অন্য রোগীর পরিজনদের প্রতিবাদ দেখেই ট্রপিক্যাল ছাড়েন কাঞ্চন।
সিনিয়র রেসিডেন্ট স্কুল অব ট্রপিক্যালের প্রণিত রায় বলেন, “কাঞ্চন মল্লিক অন্যায়ভাবে নিজের ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে স্যরকে চাপ দেন। এক্ষুনি তাঁর দিদাকে দেখে দিতে হবে বারবার বলতে থাকেন। তারপর স্যর না শুনলে তাঁকে বলেন আপনার নাম কী? রেজিস্ট্রেশন নম্বর কী? আপনাকে ট্রান্সফার করে দেব বলে হুমকি দেন। এই ঘটনায় স্যর দুঃখ পেয়েছেন।”
