রাজনীতি কঠিন পেশা, রোজগার কম! হঠাৎ অন্য সুর কঙ্গনার মুখে, দিলেন বড়সড় ইঙ্গিত

কলকাতা – প্রায়ই নিজের মন্তব্যের জন্য খবরের শিরোনামে আসেন বলিউড অভিনেত্রী তথা মান্ডির বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। সম্প্রতি তিনি নিজেই স্পষ্ট করেছিলেন যে, রাজনীতি তেমনভাবে উপভোগ করছেন না।

আরও একবার তেমনটাই বোঝাতে চাইলেন কঙ্গনা। কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী রাজনীতি ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। আর তাঁর সেই ইচ্ছাকেই এবার সমর্থন জানালেন বিজেপি সাংসদ। এমনকি এই পেশায় বেতন কম বলেও উল্লেখ করেছেন তিনি।

কেন্দ্রীয় মন্ত্রীর এই মতামত নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন কঙ্গনা। সেই সঙ্গে লিখেছেন, ‘রাজনীতি একটি অত্যন্ত কঠিন পেশা। সবচেয়ে কম পারিশ্রমিকের পেশাও এটি। এখানে বরং অনেক ব্যয় হয়। শিল্পীরা যদি তাঁদের নিজেদের অন্যান্য কাজেও সময় দেন, তবে উপহাসের শিকার হন তাঁরা।’

তিনি আরও বলেন, ‘এভাবে কোনও অন্য পেশায় সাফল্য অর্জনকারী কেউ মানুষের কল্যাণের জন্য কাজ করতে চাইবেন না। এক্ষেত্রে মানুষের ধারণা পরিবর্তন করা দরকার। অন্য পেশা থেকে রাজনীতিতে এলেও যাতে আগের পেশার কাজ করা যায়, সেটার অনুমতি দেওয়া উচিত।’ উল্লেখ্য, সম্প্রতি এক অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী বলেছিলেন, ‘আমি কখনই আমার চলচ্চিত্রের কেরিয়ার ছেড়ে মন্ত্রী হতে চাইনি।’

এর আগেও কঙ্গনা নিজের রাজনৈতিক জীবন প্রসঙ্গে বলেছিলেন, ‘রাজনীতি করে যা উপার্জন হয় তাতে জীবনধারণ করা ভীষণই কঠিন। একজন সাংসদ যে বেতন পান তাতে তাঁর জীবনযাপনে অনেক সমস্যা আসতে বাধ্য। যা বেতন দেওয়া হয়, তাতে রাঁধুনি বা গাড়ির চালককে বেতন দেওয়ার পরে থাকে মাত্র ৫০ থেকে ৬০ হাজার টাকা। এরপর সেই টাকায় কেন্দ্রের বিভিন্ন জায়গা ঘুরে দেখতে গেলেও অনেক খরচ পড়ে। তাই রাজনীতির পাশাপাশি আপনাকে কোনও না কোনও পেশায় যুক্ত থাকতে হবে। যেমন বহু সাংসদ রয়েছেন যাঁরা আইনজীবী বা যাঁদের কোনও ব্যবসা রয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *