কাঁটা লাগা গানে ঝড় তুলেছিলেন, সেই শেফালি জারিওয়ালা অকালে প্রয়াত

কলকাতা – ২০০২ সালের মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’ গানে ঝড় তুলেছিলেন তিনি। সেই জনপ্রিয় অভিনেত্রী শেফালি জারিওয়ালা প্রয়াত।

মাত্র ৪২ বছর বয়সেই থমকে গেল তাঁর জীবন। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। গতকাল রাতে হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন অভিনেত্রী। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, আন্ধেরি পশ্চিমের বাড়িতে হার্ট অ্যাটাক হয় তাঁর। চিকিৎসকরা জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর স্বামী পরাগ তাঁকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে সব শেষ।

মুম্বইয়ের কুপার হাসপাতালে অভিনেত্রীর দেহের ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে। এরপর সবটা স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। শেফালি ৩৫টি মিউজিক ভিডিওতে কাজ করেছেন।

২০০৪ সালেই বলিউডে ডেবিউ করেন ‘মুঝসে শাদি করোগি’ ছবিতে। তবে ক্যামিও-র চরিত্রে। শেফালি ২০০২ সালে বিয়ে করলেও দাম্পত্য জীবন সুখের ছিল না বলে জানা যায়।

২০০৯ সালে স্বামীর বিরুদ্ধে মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ আনেন তিনি। এরপর বিচ্ছেদ হয়ে যায়। অন্তরালেই ছিলেন তিনি। বেশ কয়েক বছর পর পরাগ ত্যাগীর সঙ্গে জুটি বেঁধে ‘নাচ বালিয়ে’-এর পঞ্চম সিজনে অংশগ্রহণ করেন।

২০১৪ সালে পরাগকে বিয়ে করেন তিনি। ‘বিগ বস ১৩’-এ প্রতিযোগী ছিলেন। অভিনেত্রীর ঘনিষ্ঠরা জানিয়েছেন, নিয়মিত স্বাস্থ্যচর্চা করতেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *