অনেকদিন পর ভারতের ফুটবল দলের কোচ এক ভারতীয়, খালিদ জামিলের কাঁধে বড় দায়িত্ব

কলকাতা- ভারতীয় ফুটবল টিমের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিলেন খালিদ জামিল। এতদিন আইএসএল খেলা জামশেদপুর এফসির কোচ ছিলেন তিনি।

যে তিনজন কোচের নাম ফেডারেশন শর্টলিস্ট করেছিল তার মধ্যে নাম ছিল খালিদ জামিলের। আগেই আন্দাজ করা গিয়েছিল, অগাস্টের প্রথম দিনেই নতুন কোচের নাম ঘোষণা করতে পারে ফেডারেশন। সেই মতোই এদিন খালিদ জামিলের নাম ঘোষণা করা হয় ফেডারেশনের তরফে।

অনেকদিন পর ভারতীয় ফুটবলে কোনও ভারতীয় কোচকে দেখা যাবে। ভারতীয় ফুটবলপ্রেমী-সহ বহু প্রাক্তনরাও ভারতীয় ফুটবলের উন্নতির জন্য ভারতীয় কোচ নিয়োগের কথা বলেছেন। কোচের লড়াইয়ে শেষ পর্যন্ত ছিলেন স্টিফেন কনস্ট্যানটাইন, খালিদ জামিল এবং স্টেফান টার্কোভিচ।

কনস্ট্যানটাইন এর আগে কোচিং করিয়েছিলেন ভারতীয় দলকে। তাঁর কোচিংয়ে বহুদিন খেলেছেন ছেত্রীরা। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) টানা দ্বিতীয়বারের জন্য জামশেদপুর এফসির প্রাক্তন হেড কোচ খালিদ জামিলকে ‘AIFF বর্ষসেরা কোচ’ (Men’s Coach of the Year) পুরস্কারে সম্মানিত করেছিল।

পরিসংখ্যান বলছে, তিনিই একমাত্র ভারতীয় কোচ যিনি একটি আইএসএল দলকে প্লে-অফে নিয়ে গেছেন। ২০২৩–২৪ মরশুমে যখন জামশেদপুর এফসি মাত্র ১১ ম্যাচে ২টি জয় পেয়েছিল, তখন দলের দায়িত্ব গ্রহণ করেন খালিদ জামিল।

খালিদ জামিল কোচ হিসেবে নিযুক্ত হলেও তাঁর চুক্তি হবে ডিসেম্বর পর্যন্ত। ভারতীয় পুরুষ ফুটবল দলের কোচ হিসেবে খালিদ জামিলের প্রথম অভিযান কাফা নেশনস কাপে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *