মুম্বই – আগামীকাল অর্থাৎ বুধবার থেকে শুরু হতে চলেছে ভারতের ঘরোয়া একদিনের ক্রিকেট প্রতিযোগিতা বিজয় হাজারে ট্রফি। এবারের আসর নিয়ে ক্রিকেট মহলে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে। কারণ দীর্ঘ বিরতির পর এই প্রতিযোগিতায় ফিরছেন ভারতের দুই মহাতারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা।
বিসিসিআই-এর কড়া নির্দেশ, জাতীয় দলে জায়গা ধরে রাখতে হলে ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক। সেই নির্দেশ মেনেই ২০১০ সালের পর অর্থাৎ দীর্ঘ ১৫ বছর পর দিল্লির জার্সিতে মাঠে নামবেন কোহলি। তবে ম্যাচে কোনও দর্শককে ঢুকতে দেওয়া হবে না।
অন্যদিকে, মুম্বইয়ের হয়ে ৭ বছর পর খেলতে দেখা যাবে রোহিত শর্মাকে। বোর্ড তাঁদের অন্তত দুটি করে ম্যাচ খেলার স্বাধীনতা দিয়েছে। কোহলি দিল্লির হয়ে অন্ধ্রপ্রদেশ ও গুজরাটের বিরুদ্ধে খেলবেন। রোহিতকে দেখা যাবে সিকিম ও উত্তরাখণ্ডের বিরুদ্ধে।
অস্ট্রেলিয়ার মাটিতে রোহিত এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোহলি সিরিজ সেরার পুরস্কার জিতেছেন। আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে তাঁরা বর্তমানে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছেন।
২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি এবং আগামী জানুয়ারিতে নিউজিল্যান্ড সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিতেই তাঁদের এই ঘরোয়া টুর্নামেন্টে অংশগ্রহণ। বুধবার সকাল ৯টা থেকে শুরু হবে গ্রুপ পর্বের খেলা।
