কলকাতা- কলকাতা মেট্রোয় হচ্ছেটা কী! প্ল্যাটফর্মে নজরদারি বাড়ানো হয়েছে। হেল্পলাইন নম্বর দিয়ে প্রচারও হচ্ছে। তবুও মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা বেড়েই চলেছে ব্লু লাইনে।
গত তিন মাসে ৯ জন মেট্রোর সামনে ঝাঁপ দিয়েছেন। তার মধ্যে সাতজনই মারা গিয়েছেন। বাঁচানো গিয়েছে দু’জনকে। কিন্তু মেট্রোর সামনে এই ঝাঁপের জেরে প্রায় প্রতিবারই অন্তত এক ঘণ্টা করে ব্যাহত হয়েছে মেট্রো চলাচল। কারণ তৃতীয় লাইনের বিদ্যুৎ বন্ধ করে লাইনে ঝাঁপ দেওয়া ব্যক্তিকে তুলতে লেগে যায় এই সময়।
বারবার ভুগতে হয় সাধারণ মানুষকে। যাত্রীরাও এতে তিতিবিরক্ত। আত্মহত্যা রুখতে কালীঘাট স্টেশনে গার্ডরেল বসানো হয়েছে। তার পর থেকে সেখানে আর আত্মহত্যা হয়নি। কিন্তু বাকি স্টেশনে তা আর বসানো হবে কি না, সে বিষয়েও সঠিক উত্তর জানা নেই মেট্রো কর্তাদের।
মেট্রো সূত্রে খবর, ২০২৫ সালের নভেম্বরে ৩টি, ডিসেম্বরে ২টি, জানুয়ারিতে ৩টি এবং ফেব্রুয়ারিতে ১টি মেট্রোর সামনে ঝাঁপের ঘটনা ঘটেছে। মানে হিসেবে ৯০ দিনে ৯টি আত্মহত্যার ঘটনা হয়েছে মেট্রোপথে।
মানসিক চাপ পড়ছে চালকদের উপরও। চোখের সামনে কেউ ঝাঁপ দেওয়ার পর সেই চালককে মেট্রো চালানো থেকে বিরতি দেওয়া হয়। একাধিকবার কাউন্সেলিংও করানো হয়েছে চালকদের।
রেল সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে পাঁচ জন আত্মহত্যা করেছিলেন মেট্রোয়। ২০২৩ সালে চার জন। ২০২৪ সালে মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ৭ জন। আর ২০২৫ সালের শেষ দুই এবং চলতি বছরের জানুয়ারি মিলিয়ে মোট আট জন ঝাঁপ দিয়েছেন।
