কলকাতা – এবার রেলপথে জুড়ে গেল কলকাতা-মিজোরাম! শনিবার আইজলে বৈরবি-সৈরাং রেলপথের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মাধ্যমে আইজল থেকে কলকাতা পর্যন্ত ট্রেন পরিষেবার সূচনা হল।
এদিন আইজলের সিপাই লাম্মুয়ালে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেখানে পৌঁছোতে পারেননি মোদি। আইজলের লেঙ্গপুই বিমানবন্দর থেকেই ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি। বলেন, ‘মিজোরামের মানুষের জন্য তো বটেই, গোটা দেশের জন্য ঐতিহাসিক দিন। আজ থেকে ভারতের রেল মানচিত্রে যুক্ত হলো আইজল।’
পাশাপাশি বিরোধীদের তোপ দেগে মোদি বলেন, ‘কয়েকটি রাজনৈতিক দল শুধু ভোট আর আসন নিয়ে ভাবে। ভোট ব্যাংকের রাজনীতি করে। যেখানে ভোট সেখানেই নজর বিরোধীদের। অন্যথায় কোনও কিছুরই গুরুত্ব নেই তাদের কাছে। এর জন্য মিজোরাম সহ গোটা উত্তর-পূর্ব ভারতকে ভুগতে হয়েছে।’
বৈরবি-সৈরাং মিজোরামের প্রথম রেলপথ। ৮,০৭০ কোটি টাকা খরচে তৈরি এই রেলপথ। আইজল থেকে দিল্লি পর্যন্ত রাজধানী এক্সপ্রেসের উদ্বোধনের পাশাপাশি সৈরাং থেকে গুয়াহাটি এবং সৈরাং থেকে কলকাতা পর্যন্ত দু’টি দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনেরও উদ্বোধন করেন মোদি। গত দুই দশক ধরে বৈরবি-সৈরাং রেলপথ তৈরির কাজ চলছে। এর পথে পড়বে ৪৮টি সুড়ঙ্গ এবং ১৪২টি সেতু। জানা গিয়েছে, সৈরাংয়ের কাছে ১৪৪ নম্বর সেতুটি ১১৪ মিটার উঁচু। এটি কুতুব মিনারের থেকেও উঁচু।
