কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বাংলাদেশী, রোহিঙ্গা তকমা দিয়ে মারধর! গ্রেফতার ২ 

কলকাতা- কলকাতা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বাংলাদেশি তকমা দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল হিন্দিভাষী ব্যবসায়ীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় শিয়ালদহ রেল ব্রিজ চত্বরে।

জখম হন চারজন ছাত্র। মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্তরা। অভিযোগের ভিত্তিতে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

বুধবার রাতে মুচিপাড়া থানা এলাকায় শিয়ালদহ সেতুর নীচে কারমাইকেল হস্টেলের কয়েকজন পড়ুয়াকে বাংলাদেশি তকমা দিয়ে মারধর করার অভিযোগ ওঠে। আহত পড়ুয়ারা জানিয়েছেন, বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ তাঁরা কয়েকজন একটি দোকানে মোবাইলের কভার কিনতে গিয়েছিলেন।

কভার পছন্দ ও দাম নিয়ে তাঁদের সঙ্গে বচসা বাঁধে দোকানদারের। এরপর বাংলায় কথা বলার জন্য কয়েকজন তাঁদের বাংলাদেশি, রোহিঙ্গা বলে গালিগালাজ করে দেশ থেকে বের করে দেওয়ারও হুমকি দেন।

পড়ুয়াদের আরও অভিযোগ, তাঁদের লোহার রড, হকিস্টিক দিয়ে মারধর করা হয়। আহতদের উদ্ধার করার জন্য হস্টেলের আরও কয়েকজন পড়ুয়া সেখানে গেলে তাঁদেরও মারধর করা হয়। কয়েকজনকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করা হয়।

ক্যাম্পাসের বাইরের ঘটনা হলেও এই ঘটনায় পদক্ষেপ করতে চাইছে কলকাতা বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার বিকেলে কারমাইকেল হস্টেলের সুপার সহ ছাত্র প্রতিনিধিদের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে ডেকে পাঠিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কেন পড়ুয়াদের মারধর করা হয়েছে, তা নিয়ে হস্টেলের সুপারের কাছ থেকে রিপোর্ট নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রয়োজনে পুলিশের কাছে পৃথকভাবে অভিযোগও জানাতে পারে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *