কলকাতা- বসন্তের আগমনে যখন শীত বিদায়ের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই রাজ্যে ফিরল হিমেল পরশ।
গত কয়েকদিন ধরে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হলেও শনিবার সকালে ফের সামান্য পারদ পতন হয়েছে। সরস্বতী পুজোর আমেজ কাটতে না কাটতেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রির ঘরে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আপাতত ভোরের দিকে শীতের এই আমেজ বজায় থাকবে। আগামী সাতদিন রাজ্যের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার খুব একটা বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ ভোরের দিকে হালকা শীতের অনুভূতি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পারদ চড়তে শুরু করবে।
আগামী সপ্তাহের শুরু থেকেই দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে রাত ও ভোরের দিকে শীত থাকলেও দুপুরে রোদের তেজ অস্বস্তি বাড়াতে পারে।
কুয়াশার দাপটও দেখা যাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে। আবহবিদরা জানিয়েছেন, আগামী চার দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং দু’দিন দক্ষিণবঙ্গের দু-একটি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে।
পরবর্তী সাত দিন গোটা রাজ্যের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তর স্পষ্ট করেছে, নতুন করে পারদ পতন বা হাড়কাঁপানো ঠান্ডা আর ফিরবে না।
