কলকাতা – আইনি নোটিশ পাঠিয়েছিলেন কিছুদিন আগেই। এবার ‘অভয়া’র বাবার বিরুদ্ধে মানহানির মামলা করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বুধবার ব্যাঙ্কশাল আদালতে নির্যাতিতার বাবার বিরুদ্ধে তিনি মানহানির মামলা দায়ের করেছেন।
৯ অগাস্ট আরজি কর হাসপাতালের সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল ‘অভয়া’র দেহ। তদন্ত প্রক্রিয়ায় সিবিআই-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নির্যাতিতার বাবা-মা। মেয়ের মৃত্যুবার্ষিকীর ঠিক আগে তাঁরা দিল্লিতে গিয়ে সাক্ষাৎ করেন সিবিআই ডিরেক্টর প্রবীণ সুদের সঙ্গে।
সেখান থেকে ফিরে আসার পর সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ‘অভয়া’র বাবা বলেন, ‘সিবিআই-কে টাকা খাইয়েছে রাজ্য সরকার। কুণাল ঘোষ গিয়ে সেটেলমেন্ট করে এসেছেন। সিবিআই বোগাস।’
এই মন্তব্য নিয়ে তীব্র সুর চড়ান তৃণমূল নেতা কুণাল ঘোষ। ফেসবুক পেজে তিনি লেখেন, ‘অভয়ার বাবার প্রতি পূর্ণ সম্মান এবং সহমর্মিতা জানিয়েও বলছি, আজ ওঁনাকে আইনজীবীর নোটিস পাঠিয়েছি। আমার আইনজীবী অয়ন চক্রবর্তী চিঠি পাঠিয়েছেন। আশা করি কাল বা পরশু চিঠি পেয়ে যাবেন। উনি মিডিয়াকে বলেছেন, সিবিআই টাকা খেয়ে তদন্ত নষ্ট করেছে। রাজ্য সরকার টাকা দিয়েছে। কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটল করেছে। ওঁরা যা মুখে আসবে বলে যাবেন, যে যা শেখাবে তাই বলবেন, তা হতে পারে না। উনি ক্ষমা না চাইলে কোর্টে এসে যা বলেছেন তার প্রমাণ দিতে হবে। অয়ন ওঁকে চিঠি পাওয়ার পর ৪ দিন সময় দিয়েছে। তারপর মামলা করব’।
