কলকাতা- পাহাড়ে ফের শক্তি বাড়াল শাসকদল তৃণমূল। দার্জিলিংয়ের রাজনীতিতে বড় চমক দিয়ে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা।
বৃহস্পতিবার তৃণমূল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু এবং শশী পাঁজার উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন তিনি।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে পাহাড়ের তিনটি আসনেই ধরাশায়ী হয়েছিল ঘাসফুল শিবির। কিন্তু লোকসভা নির্বাচনের পর থেকেই পাহাড়ে রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করে।
বিষ্ণুপ্রসাদ শর্মা দীর্ঘদিন ধরেই পৃথক উত্তরবঙ্গ বা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবিতে সরব ছিলেন, যা নিয়ে মাঝেমধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাঁর মতপার্থক্য তৈরি হতো।
এদিকে, বিষ্ণুপ্রসাদ শর্মার এই দলবদলকে আদৌ গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব। রাজ্য বিজেপির একাংশের দাবি, বিষ্ণুপ্রসাদ শর্মা দীর্ঘদিন ধরেই দলের সঙ্গে কোনও যোগাযোগ রাখছিলেন না। এমনকী পাহাড় সমতলে দলীয় কোনও কর্মসূচির সঙ্গে তাঁর কোনও যোগ নেই।
