কলকাতা- ৭৭ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন ভারতের কিংবদন্তি বাঁহাতি স্পিনার দিলীপ দোশি।
ভারতীয় স্পিনার দিলীপ দোশির প্রয়াণে শোক প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও বাঁহাতি স্পিনার দিলীপ দোশির প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
লন্ডনে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরেই তিনি সেখানে বসবাস করছিলেন। ক্লাসিক্যাল বাঁহাতি স্পিন বোলিং অ্যাকশনে সুসজ্জিত দিলীপ দোশি ভারতের হয়ে ৩৩টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে ১১৪টি উইকেট নিয়েছিলেন, যার মধ্যে ছয়টি পাঁচ উইকেটের ইনিংস রয়েছে।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ১৫টি ম্যাচে ২২টি উইকেট নেন, তাঁর ইকোনমি রেট ছিল ৩.৯৬।
দোশি সৌরাষ্ট্র, বাংলা, ও ইংল্যান্ডের ওয়ারউইকশায়ার ও নটিংহ্যামশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অংশ নিয়েছেন। ২৩৮টি ম্যাচে ৮৯৮টি উইকেট সংগ্রহ করেন তিনি।
