সাবালক হলেই করা যাবে একত্রবাস! হাইকোর্টের নজিরবিহীন নির্দেশ

কলকাতা- দেশে ১৮ বছর বয়স হয়ে গেলেও ২১ বছরের আগে পুরুষদের বিয়ে বৈধ নয়। তবে বিয়ের বয়সে পৌঁছোনোর আগেই একত্রবাস করতে পারবেন দু’জন প্রাপ্ত বয়স্ক, এমনটাই জানাল রাজস্থান হাইকোর্ট।

১৮ বছরের এক তরুণী এবং ১৯ বছরের এক তরুণ, তাঁরা স্বেচ্ছায় একত্রবাস (Live-in) করছেন ২০২৫ সালের ২৭ অক্টোবর থেকে। কিন্তু তরুণীর পরিবার তাঁদের একত্রবাস নিয়ে আপত্তি তোলে, এমনকী যুগলকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

এই পরিস্থিতি থেকে রেহাই পেতে পুলিশের কাছে অভিযোগ করে ওই যুগল। কিন্তু পুলিশের তরফে সেভাবে তাঁদের সহযোগিতা করা হয়নি বলে অভিযোগ। এরপর সুরক্ষা চেয়ে তাঁরা দ্বারস্থ হন রাজস্থান হাইকোর্টের। শুক্রবার ছিল সেই মামলার শুনানি।

শুনানি শুরু হতেই যুগলের আবেদনের বিরোধিতা করে সরকারি আইনজীবী বলেন, ‘তরুণের বয়স এখনও ২১ বছর হয়নি। তাই তাঁকে একত্রবাস করার অনুমতি দেওয়া উচিত নয়। এ দেশে পুরুষদের বিয়ের আইনি বয়স হল ২১। মহিলাদের ১৮।’

সরকারি আইনজীবীর যুক্তি নস্যাৎ করে বিচারপতি বলেন, ‘প্রত্যেক মানুষের জীবন এবং স্বাধীনতা রক্ষা করার দায় রয়েছে রাষ্ট্রের। সংবিধানের ২১ ধারা অনুসারে বেঁচে থাকা এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার সকলের রয়েছে। আবেদনকারীর বিয়ের আইনি বয়স হয়নি বলে তাঁকে সেই অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। ভারতের আইনে একত্রবাস নিষিদ্ধ নয়, কোনও অপরাধও নয়। তাই পুলিশকেই ওই যুগলের সুরক্ষার বিষয়টি সুনিশ্চিত করতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *