কলকাতা- ২১-এর মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আজ একটি কাগজ তুলে ধরে তিনি দাবি করেন, অবিজেপি শাসিত রাজ্যগুলিতে নাকি একটি করে সার্কুলার কেন্দ্রীয় সরকার পাঠিয়েছে। তাতে বলা হয়েছে, সন্দেহভাজন কেউ হলেই সেই ব্যক্তিকে নাকি একমাস পর্যন্ত আটক করে রাখা যায়।
মমতা আজ ২১-এর মঞ্চ থেকে বলেন, ‘বাংলার ওপর সন্ত্রাস চলছে। বিজেপি এখন ঠিক করে দিতে চায় যে কে কী খাবে, কে মাছ খাবে, কে কার মাথা খাবে। যাকে তাকে ডিটেনশন ক্যাম্পে আটক করা হয়েছিল, তাদের মামলা করে ছাড়িয়ে এনেছি আমরা। এরা বাংলা ভাষায় কথা বলত বলে।’
মমতা দাবি করেন, হাজার জন বাঙালিকে আটক করা হয়েছে। ওড়িশা, দিল্লিতে বাঙালিদের ওপর ‘অত্যাচার’ নিয়ে অভিযোগ করেন মমতা। এদিকে মমতা বলেন, আমাদের কোনও ভাষার বিরুদ্ধে সমস্যা নেই। কিন্তু বাংলার ওপর কেন সন্ত্রাস হবে। প্রয়োজনে আবার ভাষা আন্দোলন হবে। আজ থেকে ভাষা আন্দোলন শুরু হবে। সব ভাষাকে সম্মান জানিয়েই এই আন্দোলন শুরু হবে। এই আন্দোলন চলবে আগামী নির্বাচন পর্যন্ত।
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ উত্তম ব্রজবাসীকে ডেকে নেন মঞ্চে। তিনি দাবি করেন, ৫০ বছর ধরে ব্রজবাসী কোচবিহারে থাকেন। তাঁকে অসম থেকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে। মমতার অভিযোগ করেন, ভোটের সময় বিজেপি রাজবংশীদের কাছে টানে তারপর তারা রাজবংশীদের ওপর অত্যাচার করে। এদিকে শুভেন্দু অধিকারীর নাম না নিয়ে রোহিঙ্গা ইস্যুতে তোপ দাগেন মমতা। কয়েকদিন আগে শুভেন্দু বলেছিলেন, পশ্চিমবঙ্গে ১৭ লাখ রোহিঙ্গা আছে। তাদের নাম ভোটার তালিকা থেকে কাটতে হবে। এই আবহে মমতা বলেন, রাষ্ট্রসংঘের হিসেবে সারা বিশ্বে ১০ লাখ রোহিঙ্গা। একটু পড়াশোনা করে বলা উচিত তো।
