১০০ দিনের কাজ নিয়ে আদালতের নির্দেশ, কেন্দ্রকে নিশানা মমতার, ‘টাকা ফেরত দিন’

কলকাতা- বকেয়া টাকা ফেরত দিতে হবে। ১০০ দিনের কাজ প্রসঙ্গে বলতে গিয়ে বুধবার নবান্নে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজ নিয়ে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা এই পিটিশন রিভিউ করব। আপনারা বাংলায় দল পাঠাচ্ছেন। আগে তো টাকা দিন। চার বছর হয়ে গেল। একটা পয়সাও দিচ্ছেন না। এটা জনগণের টাকা।’

তিনি বলেন, ‘শ্রমিকদের বকেয়া টাকা রাজ্য সরকার নিজে থেকে দিয়েছে। সেই টাকা ফেরত দিতে হবে। আদালত অগাস্ট থেকে কাজ শুরু করতে বলেছে। কিন্তু চার বছর ধরে কাজ হল না, কোনও টাকা দেওয়া হল না। আমাদের নেতারা দিল্লিতে গিয়ে ধর্না দিলেন। তাঁদের বিরুদ্ধে মামলা করা হল। কেন্দ্রীয় মন্ত্রী দেখাই করলেন না। অনেক অপমান করা হয়েছে আমাদের। টাকা আমরা সরকার থেকে দিয়েছি। আমাদের টাকা আমাদের ফেরত দিতে হবে।’ যে দিন থেকে এই কাজ বন্ধ হয়েছে, সে দিন থেকে হিসাব করে টাকা দিতে হবে বলেও এদিন স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, ১০০ দিনের কাজ নিয়ে এদিন কলকাতা হাইকোর্ট স্পষ্ট করেছে, রাজ্যে বন্ধ থাকা ‘মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি’ (১০০ দিনের কাজ) চালু করতে হবে। ১ অগাস্ট থেকে এই প্রকল্প চালু করতে হবে বলেও জানিয়েছে আদালত। এদিন এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ। ১০০ দিনের কাজ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছিল। প্রায় তিন বছর ধরে বন্ধ এই প্রকল্প। এবিষয়ে এদিন আদালত জানিয়েছে, দুর্নীতি রুখতে রাজ্য সরকারকে যে কোনও শর্ত দিতে পারবে কেন্দ্র। তবে কাজ বন্ধ করে রাখা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *