তাঁর বাড়ি, অফিসে ইডির হানা! হাজির মুখ্যমন্ত্রী, ‘ভোটকুশলী’ প্রতীক জৈন কে?

কলকাতা- ২৬-র ভোটের আগে ফের অ্যাকশন মোডে ইডি। ভোর ৬টায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হানা দিল আইপ্যাক কর্ণধার ও সহ প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের বাড়িতে।

তাঁর বাড়িতে ইডি হানার খবর পেয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান। কে এই প্রতীক জৈন জানেন? 

প্রতীক জৈনের লিঙ্কডইন প্রোফাইল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০০৮ সালে বম্বের ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজিতে সুযোগ পান প্রতীক জৈন। সেখান থেকে বি.টেক করেছেন প্রতীক জৈন। মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেটেরিয়াল সায়েন্স নিয়ে বি.টেক করেছেন তিনি।

কর্পোরেট দুনিয়ায় তাঁর যাত্রা শুরু অ্যাক্সিস ব্যাঙ্কে ইন্টার্ন হিসেবে। মুম্বইয়ে অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডে দু’মাসের ইন্টার্নশিপের পর ২০১২ সালে যোগ দেন ডেলয়েটে, Deloitte Touche Tohmatsu India Pvt Ltd-এ অ্যানালিস্ট পদে। সেখানে এক বছর তিন মাস কাজ করার পর ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত।

২০১৩ সালে গড়ে তোলেন ‘সিটিজেনস ফর অ্যাকাউন্টেবল গভর্ন্যান্স’, তাঁর নিজের উদ্যোগ। ২০১৫ সালের মার্চ পর্যন্ত সেই সংস্থার সঙ্গেই যুক্ত ছিলেন। এরপরই রাজনীতির ময়দানে পা।

প্রশান্ত কিশোরের হাত ধরে তৈরি হয় ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি— আই-প্যাক। সহ-প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর হিসেবে শুরু হয় প্রতীক জৈনের নতুন অধ্যায়।

দশ বছরেরও বেশি সময় ধরে আই-প্যাকের অন্যতম মুখ তিনি। বিহার, পঞ্জাব, উত্তর প্রদেশ, অন্ধ্র প্রদেশ, একের পর এক রাজ্যের নির্বাচনে ভোটকুশলী হিসেবে কাজ করেছেন প্রতীক।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেসের কৌশল রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আই-প্যাকের, আর সেই সূত্রেই তৃণমূলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *